স্পোর্টস ডেস্ক : আইসিসির সঙ্গে অচলাবস্থার অবসান হওয়ার আভাস মিলছে। পাকিস্তানি গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে জানা গেছে, গতকাল (রোববার) লাহোরে অনুষ্ঠিত আইসিসি ও বিসিবির বৈঠক শেষে ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত থেকে সরে আসতে যাচ্ছে পাকিস্তান। আর এই প্রসঙ্গে নিজেদের অবস্থান জানাল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।
ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডের ভাইস প্রেসিডেন্ট রাজিব শুক্লা জোর দিয়ে বলেছেন, ভারত-পাকিস্তানের বিশ্বকাপ ম্যাচ ইস্যুতে তারা আইসিসির সিদ্ধান্ত মেনে নেবে। আজ (সোমবার) এক বক্তব্যে সাংবাদিকদের কাছে এই কথা বলেন তিনি।
বাংলাদেশকে ক্ষতিপূরণ দেওয়াসহ তিন দাবি মানলে ভারতের সঙ্গে খেলবে পাকিস্তান
রাজিব বলেছেন, ‘আমি আগেই স্পষ্ট করেছি যে আইসিসি যে সিদ্ধান্ত নিক, আমরা সেই সিদ্ধান্ত অনুযায়ী চলব। এই ব্যাপারে বিসিসিআই-এর কিছু বলার নেই।’
জিও টিভি গতকাল জানায়, পাকিস্তানের বোর্ড এই ইস্যু নিয়ে পরিষ্কার দিকনির্দেশনা পেতে সরকারের সঙ্গে আলোচনা করবে এবং শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসবে। লাহোর বৈঠকে আইসিসির প্রতিনিধি হিসেবে ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা ছিলেন।
ভারত-পাকিস্তান ম্যাচ ইস্যু নিয়ে তার সঙ্গে আলোচনা করতে এই বৈঠকে ছিলেন পিসিবি প্রধান মহসিন নাকভি এবং বিসিবির প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। নাকভি জানান, তিনটি দাবি মানলে ভারত ম্যাচ খেলবে পাকিস্তান।