বুধবার, ০১ এপ্রিল, ২০২৬, ০৯:৪১:০০

ফুটবল ফাইনাল খেলায় সংঘর্ষ

ফুটবল ফাইনাল খেলায় সংঘর্ষ

স্পোর্টস ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ফুটবল ফাইনাল খেলায় গোল দেওয়া নিয়ে বিতর্কের জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে উপজেলার শশই মধ্যপাড়া ও শশই কোনার বাড়ি দলের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খেলার আয়োজন করা হয়।

জানা গেছে, খেলায় পুরস্কার হিসেবে বিজয়ী দলের জন্য একটি গরু এবং রানার্সআপ দলের জন্য একটি খাসি নির্ধারণ করা হয়েছিল। খেলার প্রথমার্ধে শশই কোনার বাড়ি দল একটি গোল করে এগিয়ে যায়। খেলা শেষ হওয়ার মাত্র তিন মিনিট আগে আরেকটি গোলকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় শশই মধ্যপাড়া দলের গোলরক্ষক হাতে আঘাত পান। পরে তাকে মাঠের বাইরে নেওয়ার চেষ্টা করা হলে খেলার উদ্যোক্তা, সৌদি প্রবাসী ইব্রাহিম মাঠে নেমে বাধা দেন বলে অভিযোগ ওঠে।

এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয় এবং একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। চেয়ার ও মাঠের খুঁটি দিয়ে উভয় পক্ষের মধ্যে মারামারি শুরু হয়। পরবর্তীতে বিজয়ী দলের গরু-ছাগল নিয়ে টানাটানি শুরু হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠে। পরে শশই মধ্যপাড়া ও শশই কোনার বাড়ি এলাকার লোকজনের মধ্যে ছড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ জন আহত হন।

বিজয়নগর থানার ওসি এ কে ফজলুল হক বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রেফারির সিদ্ধান্তকে কেন্দ্র করেই ঘটনার সূত্রপাত হয়। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে