স্পোর্টস ডেস্ক : আইসিসির সর্বশেষ ওয়ানডে র্যাঙ্কিং হালনাগাদে সুখবর পেলেন বাংলাদেশের ক্রিকেটাররা। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ভালো পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ব্যাটার ও বোলার; উভয় বিভাগেই বড় অগ্রগতি হয়েছে বেশ কয়েকজন টাইগার ক্রিকেটারের। সবচেয়ে বড় লাফটা দিয়েছেন পেসার নাহিদ রানা।
মিরপুরে সিরিজের তৃতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ৬ উইকেটের ব্যবধানে হারিয়ে সিরিজ ১-১ সমতায় ফিরেছে বাংলাদেশ। সেই ম্যাচে দারুণ অবদান রাখা তানজিদ হাসান ব্যাটিং র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন। ওপেনিংয়ে নেমে ১০ ও ৪ ছক্কায় ৫৮ বলে ৭৬ রানের ইনিংস খেলে তিনি ১৪ ধাপ এগিয়ে এখন অবস্থান করছেন ৪০তম স্থানে।
একই ম্যাচে অপরাজিত ৩০ রানের ইনিংস খেলা তাওহিদ হৃদয়ও পেয়েছেন উন্নতির ফল। তিনি পাঁচ ধাপ এগিয়ে উঠে এসেছেন ২৬তম স্থানে। তালিকার শীর্ষে অবশ্য এখনো আছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল।
ওয়ানডে বোলিং র্যাঙ্কিংয়েও উন্নতি করেছেন বাংলাদেশি বোলাররা। ১০ ধাপ এগিয়ে ৫৮তম স্থানে উঠে এসেছেন লেগ স্পিনার রিশাদ হোসেন। দ্বিতীয় ওয়ানডেতে ৩২ রানের বিনিময়ে ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হওয়া পেসার নাহিদ রানা এগিয়েছেন ৩২ ধাপ। বর্তমানে তার অবস্থান ৬৪তম স্থানে।
চলমান নিউজিল্যান্ড সিরিজে দুই ম্যাচে মোট ৪ উইকেট নিয়ে শরিফুল ইসলাম আবারও বোলিং র্যাঙ্কিংয়ে ফিরেছেন। তিনি এখন অবস্থান করছেন ৩৯তম স্থানে। ৭০৫ রেটিং নিয়ে ওয়ানডেতে বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন রশিদ খান।