বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ১১:৫০:০৯

পেশোয়ার জালমির ইতিহাসে এই প্রথম হ্যাটট্রিক

পেশোয়ার জালমির ইতিহাসে এই প্রথম হ্যাটট্রিক

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সুপার লিগে আজ করাচি কিংসের ‍মুখোমুখি হয় পেশোয়ার জালমি। আর এই ম্যাচেই হ্যাটট্রিক করেছেন পেশোয়ারের তরুণ পেসার আলী রাজা। এবারের আসরে যা প্রথম হ্যাটট্রিক। পেশোয়ার জালমির ইতিহাসেও প্রথম হ্যাটট্রিক এটা। শুধু তাই নয়? পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে হ্যাটট্রিক করার অবিস্বরণীয় কীর্তিটাও এখন আলী রাজার।

১৮ বছর ৩৫ দিন বয়সে এই স্বাদ পেলেন রাজা। পুরুষদের টি-টোয়েন্টিতে পাকিস্তানের ক্রিকেটারদের মধ্যে তার চেয়ে কম বয়সে হ্যাটট্রিক করতে পারেননি আর কেউ। পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে তার আগে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে হ্যাটট্রিক করার রেকর্ডটা এতদিন মোহাম্মদ হাসনাইনের দখলে ছিল। পাকিস্তানের হয়ে ১৯ বছর ১২৩ দিন বয়সে হ্যাটট্রিক করার রেকর্ড গড়েছিলেন তিনি। এছাড়া, ২০ বছর ১৬৭ দিন বয়সে হ্যাম্পশায়ারের হয়ে হ্যাটট্রিক করার নজির গড়েছিলেন পাকিস্তানে আরেক তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি।

আজ আফ্রিদি-হাসনাইনদের ছাড়িয়ে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন আলী রাজা। টস হেরে ব্যাটিংয়ে নেমে করাচি কিংস শুরুটা বেশ ভালোই করেছিল। ওপেনার ডেভিড ওয়ার্নার ১১ রান করে আলী রাজার বলে বোল্ড হলেও জেসন রয় অন্যপ্রান্ত থেকে আগ্রাসী ব্যাটিং চালিয়ে যান। নিজের নবম পিএসএল ফিফটি তুলে নিয়ে রয় খেলেন ৫১ বলে ৮৫ রানের এক বিধ্বংসী ইনিংস, যেখানে ছিল ১১টি চার ও ২টি ছক্কার মার।

মাঝপথে আজম খান ১৯ বলে ৩৫ রানের এক ক্যামিও ইনিংস খেলে দলের রানকে ১৫০’র গণ্ডি পার করান। ইনিংসের শেষ ওভারে আসল চমক দেখান তরুণ পেসার আলী রাজা। ওভারের চতুর্থ বলে খন্দকার শাহ হিট উইকেট হয়ে সাজঘরে ফেরেন। পঞ্চম বলে শহীদ আজিজকে আউট করার পর শেষ বলে হাসান আলীকে শূন্যরানে বিদায় করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন আলী রাজা। আর করাচি কিংস নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮২ রান সংগ্রহ করে।

পিএসএলের ইতিহাসের প্রথম হ্যাটট্রিককারী বোলার ছিলেন মোহাম্মদ আমির। ২০১৬ সালে করাচির কিংসের হয়ে লাহোর কালান্দার্সের বিপক্ষে টানা তিন বলে তিন উইকেট নেন তিনি। আর এখন পর্যন্ত পিএসএলে হ্যাটট্রিক হয়েছে সাতবার। এর মধ্যে পাঁচজন পাকিস্তানি বোলার, দুইজন বিদেশি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে