স্পোর্টস ডেস্ক : অক্ষর প্যাটেলের বলে মিড অফের দিকে ক্যাচ তুলেছিলেন প্রিয়াংশ আর্য। কিন্তু চোখে রোদ পড়ায় বলের গতিবিধি বুঝতেই পারেননি লুঙ্গি এনগিডি।
এতেই বাধল বিপত্তি। বল না দেখেই ক্যাচ নিতে গিয়ে ভারসাম্য হারালেন এনগিডি।
বড্ড বাজেভাবে তার মাথা গিয়ে পড়ল মাটিতে। ব্যথায় কাতর দক্ষিণ আফ্রিকান পেসারের এক পর্যায়ে প্রায় সংজ্ঞাহীন হয়ে পড়ার দশা। তাই মাঠে প্রাথমিক চিকিৎসা শেষে অ্যাম্বুলেন্সে তাকে নেওয়া হলো হাসপাতালে।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ এমন অনাকাক্ষিত ঘটনা ঘটেছে আইপিএলে দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসের ম্যাচে।
এনগিডি মাথায় আঘাত পেয়ে মাঠে লুটিয়ে পড়ার পরপরই স্টেডিয়ামে উপস্থিত সবাই উদ্বিগ্ন হয়ে পড়েন। ফিজিও ও চিকিৎসকেরা সঙ্গে সঙ্গে মাঠে এসে তার শুশ্রূষা করতে থাকেন।
ক্রিকবাজের সরাসরি ধারা বিবরণীতে বলা হয়েছে, চিকিৎসকের কথায় এনগিডি সাড়া দিচ্ছিলেন। তবে তার অবস্থা মোটেও ভালো ছিল না।
কিছুক্ষণের মধ্যে অ্যাম্বুলেস মাঠে ঢুকলে তাকে স্ট্রেচারে তুলে দ্রুত দিল্লির একটি হাসপাতালে নেওয়া হয়।
এনগিডির সর্বশেষ অবস্থা এখনো জানা যায়নি। তার জায়গায় কনকাশন বদলি হিসেবে মাঠে নেমেছেন শ্রীলঙ্কান পেসার দুষ্মন্ত চামিরা।
আজ টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ২ উইকেটে ২৬৪ রানের পর্বত গড়েছে দিল্লি ক্যাপিটালস, যা তাদের ইতিহাসে সর্বোচ্চ।
ওপেনার লোকেশ রাহুল ৬৭ বলে ১৫২ রানে অপরাজিত ছিলেন।
আইপিএলে দেড়শোর্ধ্ব ইনিংস আছে আর মাত্র দুজনের—ব্রেন্ডন ম্যাককালাম (১৫৮*) ও ক্রিস গেইলের (১৭৫*)।
রান তাড়ায় দারুণ জবাব দিচ্ছে পাঞ্জাব কিংস। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১১ ওভার শেষে পাঞ্জাবের সংগ্রহ ৩ উইকেটে ১৬১ রান।