রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ১০:০৭:২১

ঘরের মাঠে এবার অস্ট্রেলিয়াকে ধুলোয় মিশিয়ে দিয়েছে বাংলাদেশ: আকাশ চোপড়া

ঘরের মাঠে এবার অস্ট্রেলিয়াকে ধুলোয় মিশিয়ে দিয়েছে বাংলাদেশ: আকাশ চোপড়া

স্পোর্টস ডেস্ক : ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া মনে করেন, বাংলাদেশ নিজেদের প্রমাণ করেছে এবং পরিশ্রম করেই প্রাপ্যটুকু বুঝে নিয়েছে।

ডারউইন টেস্ট নিয়ে আকাশ চোপড়া বলেন, 'কখনো কখনো অধিকার ছিনিয়ে নিতে হয়, কারণ চাইলে তো পাওয়া যায় না। এটাই বাংলাদেশের ক্রিকেটের কাহিনী। তারা অস্ট্রেলিয়াকে (তাদের মাটিতে) হারিয়ে একটা পরিস্কার বার্তা দিয়েছে যে 'আমরাও এই মঞ্চের যোগ্য।' তোমরা আমাদের ২৩ বছরে একবারও আমন্ত্রণ জানাওনি। কিন্তু যখন আমাদের ডাকলে তখন তোমাদেরকে তোমাদেরই ঘরের মাঠে একদম ধুলোয় মিশিয়ে দিলাম। এটাই বাস্তবতা।'

তিনি আরও যোগ করেন, '২০০৩ থেকে ২০২৬ সাল- মাঝে অনেক টেস্ট ম্যাচ হয়েছে। অস্ট্রেলিয়া এমন একটা দেশ যারা টেস্ট ক্রিকেটকে অনেক বেশি দাম দেয়, ভালোবাসে এবং দাবি করে তারাই টেস্ট ক্রিকেটকে বাঁচিয়ে রেখেছে। কিন্তু তোমরা তো বাংলাদেশকে আমন্ত্রণই জানাও না। শুধু বাংলাদেশ নয়, আরও অনেক দেশ আছে যাদের তারা আমন্ত্রণ জানাতে চায় না। এজন্য বাংলাদেশের এই জয়টা খুবই গুরুত্বপূর্ণ।'

গত কয়েক বছরে বাংলাদেশের পেস বোলিংয়ে ব্যাপকভাবে উন্নতি হয়েছে। আকাশ চোপড়া বলেন, 'বাংলাদেশের জন্য সবচেয়ে ইতিবাচক দিক হচ্ছে তারা এতদিন পেস বোলিংয়ে যে ইনভেস্ট করেছে সেটারই ফল পাচ্ছে।'

ভারতীয় এই ধারাভাষ্যকার আরও বলেন, 'বাংলাদেশ দলে এখন আর শুধু দুই-একজন পেসার নেই। পুরো একটা পেস বোলিং অ্যাটাক তৈরি করেছে। হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, নাহিদ রানা, শরিফুল ইসলাম-তাদের কাছে বিকল্পের অভাব নেই। এখানে মনোযোগ দেওয়া ও নিজেদের চিন্তা-ভাবনা পরিবর্তনের ফলে এমন সাফল্য এসেছে।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে