শুক্রবার, ০৫ জুন, ২০২৬, ১০:৩৬:২৮

ভয়াবহ সড়ক দুর্ঘটনা থেকে প্রাণে বাঁচলেন সাবেক ক্রিকেট অধিনায়ক

ভয়াবহ সড়ক দুর্ঘটনা থেকে প্রাণে বাঁচলেন সাবেক ক্রিকেট অধিনায়ক

স্পোর্টস ডেস্ক :  ভারতে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় প্রাণে বেঁচে গেছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেট অধিনায়ক ও ২০১৫ ওয়ানডে বিশ্বকাপজয়ী অধিনায়ক মাইকেল ক্লার্ক। আইপিএল ফাইনালে ধারাভাষ্য শেষ করে বিমানবন্দরের উদ্দেশে যাওয়ার পথে তার বহনকারী গাড়িটি একটি সেমি-ট্রেলারের সঙ্গে সংঘর্ষে পড়ে।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, ঘটনাটি ঘটে বিমানবন্দরের পথে যাওয়ার সময়। দুর্ঘটনায় ক্লার্কের শরীরে আঘাত লাগে এবং তার গাড়ির চালকের পায়ে গুরুতর চোট, এমনকি হাড় ভাঙার আশঙ্কাও রয়েছে।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে ক্লার্ক জানান, দুর্ঘটনার সময় তিনি গাড়ির ভেতরে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ ধাক্কায় তার ঘুম ভেঙে যায় এবং তিনি দেখেন গাড়ির সামনের অংশ একটি ট্রাকের নিচে ঢুকে গেছে। তার ভাষায়, ট্রাকটি একটি বড় সেমি-ট্রেলার ছিল এবং গাড়িটি সেটির নিচে প্রায় ঢুকে যায়।

ক্লার্ক আরও জানান, দুর্ঘটনার কারণ হতে পারে ট্রাকের ব্রেক লাইট ঠিকভাবে কাজ না করা, যার ফলে চালক সময়মতো বুঝতে পারেননি। এতে নিয়ন্ত্রণ হারিয়ে সংঘর্ষ ঘটে।

দুর্ঘটনার পর স্থানীয় মানুষ দ্রুত সহায়তায় এগিয়ে আসেন বলে জানান তিনি। তাদের সহযোগিতায় দ্রুত উদ্ধার কাজ সম্পন্ন হয় এবং পরিস্থিতি আরও ভয়াবহ হওয়া থেকে রক্ষা পায়। এই সহায়তার জন্য তিনি ভারতের সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এছাড়া তিনি ভারতের ক্রিকেট বোর্ড কর্মকর্তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান। ক্লার্ক বলেন, তারা নিয়মিতভাবে তার ও চালকের খোঁজখবর নিয়েছেন। দুর্ঘটনায় গাড়িটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হলেও বর্তমানে ক্লার্ক নিরাপদে দেশে ফিরতে সক্ষম হয়েছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে