সোমবার, ০৮ জুন, ২০২৬, ০৯:২০:৫২

জাকিরের দুর্দান্ত সেঞ্চুরিতে জয় পেল বাংলাদেশ

জাকিরের দুর্দান্ত সেঞ্চুরিতে জয় পেল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : জাকির হাসানের দুর্দান্ত সেঞ্চুরিতে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে ৮৫ রানের ব্যবধানে জয় পেল বাংলাদেশ।

সোমবার বগুড়ার শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে আগে ব্যাটিং করে ৫০ ওভারে ৩৬৪ রান করে বাংলাদেশ এইচপি দল। এরপর বোলারদের সম্মিলিত পারফরমেন্সে জিম্বাবুয়েকে ৪৮.৫ ওভারে ২৭৯ রানে অলআউট করে স্বাগতিকরা। 

এদিন টস জিতে প্রথমে ব্যাট করে স্বাগতিক বাংলাদেশ। প্রথমে ব্যাটিং করতে নেমে শুরুতেই শাহাদাত হোসেন দীপুর উইকেট হারায় বাংলাদেশ এইচপি দল। তবে এরপর জাকির হাসান ও ইফতেখার হোসেন ইফতি মিলে তান্ডব চালান জিম্বাবুয়ের বোলারদের উপর। 

অধিনায়ক জাকির খেলেন ৯৭ বলে ৯টি চার ও ৫টি ছক্কায় ১১৯ রানের অসাধারণ ইনিংস। ইফতেখার ৫৮ বলে ৭০ রান করে জাকিরকে দারুণ সঙ্গ দেন। তার ইনিংসে ছিল ৬টি চার ও ৩টি ছক্কা। অমিত হাসান ৩১, ইয়াসির আলি চৌধুরী ৩৪ এবং মোহাম্মদ আকবর আলি ২৭ রান যোগ করে স্কোরকে আরও সমৃদ্ধ করেন। 

রান তাড়ায় জিম্বাবুয়ের দুই ওপেনার ইনোসেন্ট কাইয়া ২৬ এবং ম্যাথিউ ক্যাম্পবেল ৫২ রান করে লড়াইয়ের ভিত্তি গড়ে দেওয়ার চেষ্টা করেন। তবে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় তারা। এক প্রান্ত আগলে রেখে প্রতিরোধ গড়ে তোলেন ওয়েসলি মাধেভেরে। তিনি ৯৩ বলে ১৩টি চার আর ৩ ছকআয় ১১৬ রানের ইনিংস খেলেন। মাধেভেরে ছাড়া ক্যাম্পবেলের ফিফটি এবং রায়ান বার্লের ২০ রান ছাড়া উল্লেখযোগ্য অবদান আসেনি।

বাংলাদেশের হয়ে সামিউন বশির রাতুল ও রোহানাত দৌল্লাহ বর্ষণ ছিলেন সমান ৩টি করে উইকেট নেন। এছাড়া আলিস আল ইসলাম ২টি এবং আব্দুল গাফফার সাকলাইন ও খালেদ আহমেদ একটি করে উইকেট নেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে