স্পোর্টস ডেস্ক : মে মাসের ‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ’ পুরস্কারের জন্য মনোনীত সেরা পুরুষ-নারী খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে আইসিসি। পাকিস্তান সিরিজে ঐতিহাসিক টেস্ট জয়ে অসাধারণ পারফরম্যান্সের সুবাদে পুরুষদের তালিকায় জায়গায় করে নিয়েছেন বাংলাদেশের তারকা ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও স্পিনার তাইজুল ইসলাম।
তাদের সঙ্গে এই সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন নেপালের তারকা অলরাউন্ডার দীপেন্দ্র সিং আইরি। নারীদের তালিকায় ইংল্যান্ডের পেসার লরেন বেল, পাকিস্তানের ব্যাটার গুল ফিরোজা এবং নিউজিল্যান্ডের ব্যাটার ম্যাডি গ্রিন জায়গা করে নিয়েছেন।
পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে ২-০ ব্যবধানে জেতা টেস্ট সিরিজে চমৎকার পারফরম্যান্সের সুবাদে দলে জায়গা পেয়েছেন তাইজুল ও মুশফিকুর। অন্যদিকে আইরি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সেঞ্চুরির পর বল হাতে দুর্দান্ত ফর্মের সুবাদে তালিকায় জায়গা করে নেন।
মুশফিকুর রহিম : ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের পথে দুর্দান্ত পারফর্ম করেন। দুই টেস্টে ৬৩.২৫ গড়ে তিনি মোট ২৫৩ রান সংগ্রহ করেন। যার মধ্যে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে অসাধারণ ১৩৭ রানের একটি ইনিংসও ছিল।
তাইজুল ইসলাম : দলের জয়ে বোলিং আক্রমণে সামনে থেকে নেতৃত্ব দেন এই বাঁহাতি স্পিনার। দুই ম্যাচের সিরিজে তিনি সর্বোচ্চ ১৩ উইকেট শিকার করেন ১৯.৬১ গড়ে।
নারীদের মধ্যে ইংল্যান্ডের পেসার লরেন বেল নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে ঘরের মাঠে ওডিআই এবং টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত ফর্মে ছিলেন। এদিকে ইংল্যান্ড সিরিজে ভালো করার পুরস্কার হিসেবে দলে জায়গা করে নিয়েছে গ্রিন। অন্যদিকে জিম্বাবুয়ের বিপক্ষে দুটি ওডিআই সেঞ্চুরি করে গাল সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নিয়েছেন।