রবিবার, ১৪ জুন, ২০২৬, ১২:০২:২৩

প্রথম ম্যাচে তাকেই পাচ্ছে যিনি থাকলে হারেনি আর্জেন্টিনা

প্রথম ম্যাচে তাকেই পাচ্ছে যিনি থাকলে হারেনি আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপে যেখানে শেষ করেছিল আর্জেন্টিনা এবার সেখান থেকেই যেন শুরু করবে। শুরুর বাক্য পড়ে অনেকে হয়তো ভাবছেন এটা কিভাবে সম্ভব। চলেন বিষয়টা পরিষ্কার হই।

আগামী ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ বিশ্বকাপ শুরু করবে আর্জেন্টিনা। কানসাস সিটিতে সেদিন বাঁশি থাকবে রেফারি সাইমন মার্চিনিয়াকের হাতে। কাতার বিশ্বকাপের ফাইনালেও ছিলেন পোল্যান্ডের এই রেফারি। লুসাইল স্টেডিয়ামে সেদিন রোমাঞ্চকর টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা।

এবার শিরোপা ধরে রাখার মিশনের শুরুতে মার্চিনিয়াককে পাচ্ছে আর্জেন্টিনা। তাই বলা হচ্ছে বিশ্বকাপের যেখানে শেষ করেছিল তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা, এবার সেখান থেকেই শুরু করছে আলবিসেলেস্তারা। মার্চিনিয়াক সহকারী হিসেবে পাচ্ছেন দুই স্বদেশি তমাস লিস্টকেভিচ ও আদাম কুপসিককে।

চতুর্থ ও রিজার্ভ রেফারি হিসেবে থাকছেন নিউজিল্যান্ডের দুই অফিশিয়াল ক্যাম্পবেল-কিল্ক কাওয়ানা-ওয়া এবং আইজ্যাক ট্রেভিস।
এর আগে আর্জেন্টিনার তিন ম্যাচ পরিচালনা করেছেন মার্চিনিয়াক। প্রথমবার ২০১৮ বিশ্বকাপে লিওনেল মেসিদের প্রথম ম্যাচে, প্রতিপক্ষ ছিল আইসল্যান্ড। সেবার ১-১ গোলে ম্যাচটি ড্র হয়। বাকি দুটি কাতার বিশ্বকাপে।

ফাইনালের কথা তো আগেই বলা হয়েছে। বাকিটি হচ্ছে নকআউট ম্যাচে। সেই ম্যাচে অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে হারিয়েছিল আর্জেন্টিনা। অর্থাৎ, মার্চিনিয়াক ছিলেন এমন ম্যাচে কখনো হারেনি তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এবার মেসিদের ভাগ্যে কি হয় সেটাই এখন দেখার অপেক্ষা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে