স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের প্রথম রাউন্ড এখনও শেষ হয়নি। তার আগেই জমে উঠেছে গোল্ডেন বুটের লড়াই। তবে এখন পর্যন্ত সবাইকে ছাপিয়ে শীর্ষে উঠে গেছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি।
আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে এক লাফে গোলদাতাদের তালিকার এক নম্বরে উঠে এসেছেন মেসি। ৩ গোল নিয়ে তিনিই এখন গোল্ডেন বুট দৌড়ে সবার ওপরে অবস্থান করছেন।
মেসির সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী আছেন ৫ জন। তাদের মধ্যে আছে কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হালান্ডের মতো নাম। ফ্রান্সের হয়ে সেনেগালের বিপক্ষে জোড়া গোল করেছেন এমবাপ্পে। হালান্ড জোড়া গোল করেছেন ইরাকের বিপক্ষে।
তাদের কাতারে আছেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিয়ান বালোগান, জার্মানির কাই হ্যাভার্টজ, এবং সুইডেনের ইয়াসিন আয়ারিও। তাদের সবাই নিজেদের প্রথম ম্যাচে দুটি করে গোল করে তালিকার দ্বিতীয় স্থানে আছেন।
এদিকে টুর্নামেন্ট শুরুর আগে যাদের গোল্ডেন বুটের প্রধান দাবিদার হিসেবে ধরা হচ্ছিল, তাদের মধ্যে হ্যারি কেইন ও ক্রিশ্চিয়ানো রোনালদোরা এখনও ম্যাচ খেলেননি। রোনালদোর পর্তুগাল আজ রাতে কঙ্গোর বিপক্ষে খেলবে। এরপর রাত ২টায় মাঠে নামবে কেইনের ইংল্যান্ড, প্রতিপক্ষ ক্রোয়েশিয়া।
বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াই অবশ্য সাধারণত ম্যারাথনের মতো। গ্রুপ পর্বের একটি ম্যাচের পরই চূড়ান্ত চিত্র আঁকা যায় না। তবু শুরুটা যদি কোনো ইঙ্গিত দেয়, তাহলে ৩৮ বছর বয়সী মেসি যেন আবারও বিশ্বমঞ্চকে মনে করিয়ে দিলেন—তার গল্প এখনো শেষ হয়নি।