সোমবার, ২২ জুন, ২০২৬, ০৬:০২:৩২

পতাকায় ‘কালেমা তাইয়েবা’ থাকায় মাটিতে বিছানোর বদলে হাতে ধরে প্রদর্শন করাচ্ছে ফিফা

পতাকায় ‘কালেমা তাইয়েবা’ থাকায় মাটিতে বিছানোর বদলে হাতে ধরে প্রদর্শন করাচ্ছে ফিফা

স্পোর্টস ডেস্ক : স্পেন–সৌদি আরব ম্যাচের আগে পতাকা প্রদর্শনের প্রচলিত নিয়মে পরিবর্তন এনে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে ফিফা। সৌদি আরবের জাতীয় পতাকায় থাকা ধর্মীয় প্রতীক ‘কালেমা’র প্রতি সম্মান জানিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

যুক্তরাষ্ট্রের আটলান্টায় ম্যাচ শুরুর আগে সাধারণত যে প্রটোকল অনুযায়ী মাঠের ঘাসে বড় পতাকা বিছিয়ে প্রদর্শন করা হয়, এবার সেই পদ্ধতি অনুসরণ করা হয়নি। এর পরিবর্তে দুই দেশের পতাকাই স্বেচ্ছাসেবকেরা হাতে উঁচু করে ধরে মাঠে উপস্থাপন করেন, যাতে উভয় দেশের প্রতি সমান মর্যাদা বজায় থাকে।

সৌদি আরবের পতাকায় সবুজ পটভূমির ওপর সাদা রঙে কালেমা লেখা রয়েছে এবং নিচে একটি তলোয়ারের প্রতীক আছে। ধর্মীয় গুরুত্বের কারণে দেশটিতে পতাকার ব্যবহার নিয়ে কঠোর নিয়ম চালু রয়েছে। ১৯৭৩ সালের জাতীয় পতাকা আইনে পতাকাকে মাটি, পানি বা কোনো নিচু স্থানে স্পর্শ করানো নিষিদ্ধ। এমনকি পতাকা অর্ধনমিত করাও অনুমোদিত নয়।

এই বিষয়টি বিবেচনায় নিয়ে ফিফা তাদের ম্যাচ–ডে পতাকা প্রদর্শন নীতিতে পরিবর্তন আনে। সৌদি আরব ফুটবল ফেডারেশনের অনুরোধের পর সিদ্ধান্ত হয়, দুই দেশের পতাকাই সমানভাবে হাতে তুলে প্রদর্শন করা হবে, যাতে কোনো পক্ষকে আলাদা বা অগ্রাধিকারপ্রাপ্ত হিসেবে উপস্থাপন না করা হয়।

এর আগে একই ধরনের পরিস্থিতিতে ইরাকের পতাকায় থাকা ধর্মীয় লেখার কারণেও ফিফা ম্যাচ–ডে প্রটোকলে পরিবর্তন এনেছিল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে