স্পোর্টস ডেস্ক : অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ ব্যবধানে জয়, নকআউট পর্ব নিশ্চিত করা এবং লিওনেল মেসির নতুন রেকর্ড—সব মিলিয়ে সোমবার রাতটা আর্জেন্টিনার জন্য হওয়ার কথা ছিল নিখাদ আনন্দের। কিন্তু সেই উচ্ছ্বাসের মাঝেই বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছেন দলের অন্যতম নির্ভরযোগ্য ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো।
ম্যাচ চলাকালীন চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন টটেনহ্যাম হটস্পারের এই সেন্টার-ব্যাক। ফলে নকআউট পর্বের আগে তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে আর্জেন্টিনা শিবিরে।
দ্বিতীয়ার্ধের শুরুতে অস্বস্তি অনুভব করার পর মাঠ ছাড়েন তিনি। ম্যাচের প্রায় এক ঘণ্টার মাথায় তার পরিবর্তে নিকোলাস ওতামেন্দিকে নামান আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। ম্যাচ শেষে স্কালোনি নিশ্চিত করেন, চোটের কারণেই এই পরিবর্তন আনতে হয়েছিল।
সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা কোচ বলেন, ‘চোট কতটা গুরুতর, সেটা আমরা এখনও জানি না। তবে এটা এমন একটি সমস্যা, যেটা নিয়ে সে আগেও ভুগেছে। আশা করি বিষয়টি গুরুতর কিছু নয়। শুধু সে আমাদের গুরুত্বপূর্ণ খেলোয়াড় বলেই নয়, একজন ফুটবলারের জন্যও এমন কিছু দেখতে ভালো লাগে না।’
তবে রোমেরো না খেলতে পারলেও বিকল্পদের ওপর আস্থা রাখছেন স্কালোনি। তিনি বলেন, ‘সে যদি নাও থাকে, তাহলে যে খেলবে সে অবশ্যই ভালো করবে। কিন্তু সবাইকে দলে পাওয়া সব সময়ই ইতিবাচক বিষয়। এখনো আমরা বিস্তারিত কিছু জানি না। আগামীকাল বা পরশু তার কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হবে।’
রোমেরোর এই চোট নতুন কোনো সমস্যা নয়। প্রিমিয়ার লিগ মৌসুমের শেষ দিকে হাঁটুর চোটের কারণে টটেনহ্যামের হয়ে শেষ ছয় ম্যাচ খেলতে পারেননি তিনি। বিশ্বকাপের আগে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন বলেই ধারণা করা হচ্ছিল। কিন্তু অস্ট্রিয়ার বিপক্ষে মাঠ ছাড়ার ঘটনা সেই পুরোনো শঙ্কাকেই আবার সামনে নিয়ে এসেছে।