বুধবার, ২৪ জুন, ২০২৬, ০৩:৩৫:৫৬

এখন পর্যন্ত ব্রাজিল-স্কটল্যান্ড কতবার মুখোমুখি হয়েছে, কে কতবার জিতেছে?

এখন পর্যন্ত ব্রাজিল-স্কটল্যান্ড কতবার মুখোমুখি হয়েছে, কে কতবার জিতেছে?

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও স্কটল্যান্ড। ফ্লোরিডার মায়ামির হার্ডরক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ। ব্রাজিল চাইবে গ্রুপসেরা হয়ে নকআউট পর্বে যেতে, আর স্কটল্যান্ডের লক্ষ্য থাকবে ইতিহাস গড়ে প্রথমবারের মতো বিশ্বকাপের গ্রুপ পর্ব পেরোনো।

দুই ম্যাচ শেষে ‘সি’ গ্রুপের পরিস্থিতি বেশ জমে উঠেছে। মরক্কো ও ব্রাজিলের সমান ৪ পয়েন্ট, তবে গোল ব্যবধানে এগিয়ে আছে সেলেসাওরা। স্কটল্যান্ডের ঝুলিতে আছে ৩ পয়েন্ট। অন্যদিকে গ্রুপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে হাইতির। 

মুখোমুখি লড়াইয়ে ইতিহাস অবশ্য ব্রাজিলের পক্ষেই। দুই দল এখন পর্যন্ত ১০ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ৮ ম্যাচেই জয় পেয়েছে ব্রাজিল, বাকি দুটি ড্র হয়েছে। স্কটল্যান্ডের জয়ের খাতা এখনো শূন্য।

বিশ্বকাপের মঞ্চেও সেলেসাওদের আধিপত্য স্পষ্ট। এবারের আগে চারবার দেখা হয়েছে দুই দলের। ১৯৭৪ বিশ্বকাপে গোলশূন্য ড্র হলেও পরের তিনবারই জয় পেয়েছে ব্রাজিল। ১৯৮২ সালে ৪-১, ১৯৯০ সালে ১-০ এবং ১৯৯৮ সালে ২-১ ব্যবধানে স্কটিশদের হারিয়েছিল সেলেসাওরা।

দুই দলের হেড টু হেড পরিসংখ্যানে স্বস্তি থাকলেও অন্য এক পরিসংখ্যানে কিছুটা অস্বস্তি আছে ব্রাজিলের। স্কটল্যান্ডের সঙ্গে একই গ্রুপে পড়া চার বিশ্বকাপের কোনোটিতেই শিরোপা জিততে পারেনি ব্রাজিল। ১৯৮২ সালে দুর্দান্ত দল নিয়েও বিদায় নিতে হয়েছিল মাঝপথে। ১৯৯০ ও ১৯৯৮ সালেও ট্রফি ছোঁয়া হয়নি। যদিও ১৯৯৮ সালে ফাইনালে উঠেছিল তারা।

দুই দলের লড়াইয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাবে আছেন নেইমার ও জিকো। দুজনেরই গোল দুটি করে। সব মিলিয়ে ১০ ম্যাচে ব্রাজিল করেছে ১৬ গোল, বিপরীতে স্কটল্যান্ডের গোল মাত্র ৩টি।

স্কটল্যান্ডের সঙ্গে একই গ্রুপে পড়া চার বিশ্বকাপের কোনোটিতেই শিরোপা জিততে পারেনি ব্রাজিল।  

দুই দলের সবশেষ দেখা হয়েছিল ২০১১ সালে। লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে নেইমারের জোড়া গোলে ২-০ ব্যবধানে জয় পেয়েছিল ব্রাজিল।

বিশ্বকাপে দুই দল
ম্যাচ-০৪
ব্রাজিল-০৩
স্কটল্যান্ড-০
ড্র-০১

ওভারঅল পরিসংখ্যান
সর্বমোট মুখোমুখি-১০ বার
স্কটল্যান্ড-০০
ব্রাজিল-০৮
ড্র-০২

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে