মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ০৬:০৬:০৩

আর্জেন্টিনা-নাইজেরিয়ার প্রীতি ম্যাচের ঋণ এখনো বাফুফে বয়ে বেড়ায়

আর্জেন্টিনা-নাইজেরিয়ার প্রীতি ম্যাচের ঋণ এখনো বাফুফে বয়ে বেড়ায়

স্পোর্টস ডেস্ক : একটা সময়ে দেশের ক্রীড়াঙ্গনে রাজত্ব ছিল ফুটবলের। মাঠে দাপিয়ে বেড়াতেন ফুটবলাররা। যে কারণে সেই সময় ক্রিকেটাররা পাত্তাই পেতেন না। এমনও হয়েছে ফুটবলাররা মাঠ না ছাড়লে; খেলা বা প্রাকটিসের সুযোগ পেতেন না ক্রিকেটাররা।

অথচ এখন ঠিক উল্টো চিত্র। দেশে এখন ক্রিকেটের জয়জয়াকার। কিন্তু হারিয়ে যেতে বসেছে ফুটবল। এই যখন পরিস্থিতি তখন আপনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে নিয়ে এসেও যদি বাংলাদেশের সঙ্গে ম্যাচ খেলানোর ব্যবস্থা করে দেন তারপরও দেশের ফুটবলের তেমন কোনো পরিবর্তন হবে না। এমনটি বলেছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ও বর্তমান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। 

মঙ্গলবার দুপুরে বক্সিং কোচিং কোর্স অনুষ্ঠানে অংশগ্রহণের পর উপস্থিত সাংবাদিকরা মন্ত্রীকে বাংলাদেশ-ব্রাজিল ইস্যুতে জিজ্ঞেস করেন। জবাবে তিনি বলেন,‘বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে। বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে কথা হয়েছে। ব্যয় ও আনুষাঙ্গিক বিষয় নিয়ে খোলামেলা আলোচনা হয়নি। আলোচনা হলে চেষ্টা করব বাস্তবায়নের।’

তিনি বলেন, ‘বাংলাদেশ-ব্রাজিল ম্যাচ হলে বাংলাদেশ ফুটবল কতটুকু আগাবে এ নিয়ে খুব বেশি আশাবাদী না। বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের সঙ্গে খেললে আশা বা স্বপ্নপূরণ হবে। বিশ্বকাপে বাংলাদেশে ব্রাজিল ও আর্জেন্টিনার যেমন বিপুল সমর্থন সেখান থেকে বাংলাদেশ-ব্রাজিল ম্যাচ হলে সমর্থকদের ইচ্ছে পূরণ হবে কিন্তু বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের পর যে ফুটবলে পরিবর্তন আসবে এই বিষয়ের সঙ্গে আমি একমত না।’ 

ফুটবলে অবকাঠামো ও মেধাবী ফুটবলার পাইপলাইন নিয়ে মন্ত্রী আরও বলেন, ‘আমাদের যে ফুটবল অবকাঠামো সমস্যা রয়েছে। ফেডারেশন কাজ করছে আমরাও সহায়তা করছি। নতুন কুঁড়ির মাধ্যমে ফুটবলসহ অন্য খেলাতেও প্রতিভাবান ক্রীড়াবিদ তুলে আনার চেষ্টা চলছে।’

২০১১ সালে ঢাকায় আর্জেন্টিনা-নাইজেরিয়া প্রীতি ম্যাচ খেলেছিল। সেই ম্যাচের ঋণ এখনো বাফুফে বয়ে বেড়ায়। ঐ ম্যাচের পর থেকে ফুটবলাঙ্গনে আলোচনা ছিল আর্জেন্টিনা-ব্রাজিলের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ নয় কেন? নানা সীমাবদ্ধতা ও পারিপাশ্বিকতার মধ্যেও যদি শেষ পর্যন্ত বাংলাদেশ ব্রাজিল ম্যাচ হয় সেটা আবার মাইলফলক হিসেবেই দেখছেন ক্রীড়া প্রতিমন্ত্রী,‘বিষয়টি এখনো বেশ প্রাথমিক অবস্থায় রয়েছে। বাফুফে ব্রাজিল প্রতিনিধি দলকে ভেন্যু দেখিয়েছে। এই বিষয়ে আমাদের সারাংশ জানাবে। ব্রাজিল যদি আসে, আমাদের বাংলাদেশের সঙ্গে খেলে সেটা অবশ্যই অনেক বড় অ্যাচিভমেন্ট (অর্জন) হবে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে