বুধবার, ২৪ জুন, ২০২৬, ০৯:৩৪:০৩

ব্লাড ক্যান্সারে আক্রান্ত দেশের যে তরুণ ক্রিকেটার

ব্লাড ক্যান্সারে আক্রান্ত দেশের যে তরুণ ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক : অনূর্ধ্ব-১৮ ক্রিকেট দলের সম্ভাবনাময় পেসার মেহেদী হাসান হৃদয় মরণব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে রাজধানীর জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকেরা তার শরীরে অ্যাকিউট মায়েলয়েড লিউকেমিয়া (এএমএল) শনাক্ত করেছেন, যা ব্লাড ক্যান্সারের সবচেয়ে উচ্চ ঝুঁকিপূর্ণ শ্রেণি। দীর্ঘমেয়াদি ও ব্যয়বহুল এই চিকিৎসার খরচ বহন করা তার পরিবারের সাধ্যের বাইরে চলে গেছে।

পরিবার ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন অসুস্থ থাকার পর দেশের একাধিক হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা করেও রোগের ধরন নিশ্চিত হচ্ছিল না। পরে নমুনা ভারতে পাঠানো হলে প্রাপ্ত প্রতিবেদনে উচ্চ ঝুঁকিপূর্ণ এএমএল ধরা পড়ে। বর্তমানে তার কেমোথেরাপি চলছে।

ফেনীর বাসিন্দা হৃদয় প্রতিকূল আর্থিক পরিস্থিতির মধ্যেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বয়সভিত্তিক কাঠামোর ট্রায়ালে অংশ নিয়ে নিজ যোগ্যতায় চট্টগ্রাম বিভাগীয় অনূর্ধ্ব-১৮ দলে সুযোগ পান। কোচ রানা হাবিবের তত্ত্বাবধানে গড়ে ওঠা এই তরুণ বিভাগীয় ম্যাচে নিজের সামর্থ্যের প্রমাণও রাখেন। খুলনার বিপক্ষে এক ম্যাচে একাই পাঁচ উইকেট নিয়ে নজর কাড়েন তিনি। ক্রিকেট-সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, যথাযথ পরিচর্যা পেলে হৃদয় দেশের ক্রিকেটের অন্যতম সম্ভাবনা হয়ে উঠতে পারেন।

কিন্তু ক্যারিয়ার যখন সবে দানা বাঁধছিল, তখনই থেমে যায় সব। পরিবার জানায়, হৃদয়ের বাবা আবুল কাশেম নিজেও গুরুতর হৃদরোগে আক্রান্ত এবং দীর্ঘদিন কর্মক্ষম নন। ছেলের চিকিৎসায় ইতিমধ্যে জমিজমা বিক্রি করে গত তিন-চার মাসের খরচ চালানো হয়েছে, নিঃশেষ হয়ে গেছে পরিবারের সঞ্চয়।

হৃদয়ের চিকিৎসায় সমন্বয়কের দায়িত্ব পালনকারী তরুণ চলচ্চিত্র নির্মাতা মাহফুজ নাজিম মাপেল বলেন, আমি অনেক তরুণ ক্রিকেটার দেখেছি। হৃদয়ের মধ্যে যে সম্ভাবনা ছিল, তা বিরল।

এই ছেলেটি বাংলাদেশ ক্রিকেটেরই ভবিষ্যৎ। আজ সে জীবনের সবচেয়ে কঠিন লড়াইটি লড়ছে। আমাদের সবার উচিত তার পাশে দাঁড়ানো।

এ অবস্থায় বিসিবি, দেশের ক্রীড়া সংগঠন, সাবেক ও বর্তমান ক্রিকেটারসহ বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদের প্রতি হৃদয়ের চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তার পরিবার ও শুভানুধ্যায়ীরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে