স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মতো তিন দেশে চলছে ফুটবল বিশ্বকাপ। ৪৮ দেশের মধ্যে ধুন্ধুমার লড়াই, বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার জন্য। কিন্তু মেগা টুর্নামেন্ট চলাকালীনই একটি দেশের বিরুদ্ধে খড়্গহস্ত হয়ে উঠল ফিফা। নিষিদ্ধ করে দেওয়া হল একটি দেশকে। অভিযোগ, সেদেশের ফুটবল প্রশাসনে নিয়মবিরুদ্ধভাবে হস্তক্ষেপ করেছে সরকার। নাক গলাচ্ছে তৃতীয় পক্ষও। সেকারণে বিশ্বকাপ চলাকালীনই ফুটবল ফেডারেশনকে নিষিদ্ধ করে দেওয়া হল।
আজ বৃহস্পতিবার বিবৃতি প্রদান করা হয়েছে ফিফার পক্ষ থেকে। সেখানে বলা হয়েছে, অবিলম্বে নিষিদ্ধ করা হল নেপালের ফুটবল সংস্থাকে। আগামী নোটিস না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। প্রাথমিকভাবে অভিযোগ, নেপালের ফুটবল ফেডারেশনের কার্যকলাপে অনিয়ম দেখা যাচ্ছে। সেকারণেই শাস্তিমূলক পদক্ষেপ করেছে ফিফা। আপাতত নেপালের ফুটবল সংস্থার উপর অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
নেপালের কোনও ক্লাব ফিফা এবং এএফসি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না। ফিফার কোনও প্রকল্পেও যুক্ত হতে পারবে না নেপাল। ফিফার পরবর্তী কংগ্রেসের আগে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা যেতে পারে। তার জন্য নেপালের ফুটবল সংস্থাকে আবেদন জানাতে হবে। উল্লেখ্য, এর আগে রাশিয়া, ভারত, পাকিস্তান, কঙ্গোর মতো দেশগুলোর উপরেও নেমে এসেছে ফিফার নিষেধাজ্ঞা। চলতি বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বেও নামতে পারেনি এই দেশগুলো।