স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে প্রথম পরাজয়ের স্বাদ পেল জার্মানি। নিউজার্সিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইকুয়েডরের কাছে ২-১ গোলে হেরে বড় অঘটনের জন্ম দিয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তবে হারলেও গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই নকআউটে উঠেছে জার্মানি।
অন্যদিকে কুরাসাওকে ২-০ গোলে হারিয়ে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করেছে আফ্রিকার দেশ আইভরি কোস্ট।
বিশ্বকাপে টিকে থাকতে জার্মানির বিপক্ষে জয়ের বিকল্প ছিল না ইকুয়েডরের সামনে। তবে ম্যাচের শুরুতেই ধাক্কা খায় তারা। দ্বিতীয় মিনিটে লেরয় সানের গোলে এগিয়ে যায় জার্মানি।
প্রথম গোল হজম করেও ভেঙে পড়েনি ইকুয়েডর। মাত্র সাত মিনিট পর, ম্যাচের নবম মিনিটে নিলসন অ্যাঙ্গুলোর গোলে সমতায় ফেরে দক্ষিণ আমেরিকার দলটি।
ম্যাচজুড়ে দুই দলই প্রায় সমানতালে আক্রমণ করলেও প্রত্যাশিত আগ্রাসী ফুটবল খেলতে পারেনি জার্মানি। সেই সুযোগ কাজে লাগিয়ে ৭৭ মিনিটে গঞ্জালো প্লাতার নৈপুণ্যে জয়সূচক গোল পেয়ে যায় ইকুয়েডর। যে গোলে জার্মান গোলরক্ষক ম্যানুয়ের নয়্যারের কিপিং প্রশ্নের মুখে পড়ে।
জার্মানির বিপক্ষে এই জয়ে গোল ব্যবধানে উন্নতি করে ৪ পয়েন্ট অর্জন করেছে ইকুয়েডর। তৃতীয় সেরা দলগুলোর মধ্যে অন্যতম সেরা হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছে তারা। ২০০৬ বিশ্বকাপের পর এবারই প্রথম শেষ ৩২-এ উঠল ইকুয়েডর।
অন্যদিকে নিকোলাস পেপের জোড়া গোলে কুরাসাওকে ২-০ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে আইভরি কোস্ট। এর আগে টানা তিনটি বিশ্বকাপেই গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল আফ্রিকার দলটিকে।