স্পোর্টস ডেস্ক : ‘কালো জাদু’ করে বেশ ‘সুনাম’ অর্জন করেছেন তিনি। চলতি বিশ্বকাপেও নাকি ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনকে ‘বোতলবন্দি’ করে ফেলেছিলেন। ঘানার সেই স্বঘোষিত ‘তান্ত্রিক’ এবার এমন এক দাবি করলেন, যা বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা হাজার হাজার রোনালদোভক্তের মুখে হাসি ফুটিয়ে তুলতে বাধ্য। নানা কোয়াকু বনসাম, ঘানার ওই বিখ্যাত ওঝা বলছেন, ‘এবারের বিশ্বকাপ রোনালদোর।’ অধরা মাধুরী ছুঁয়ে ফেলতে আর অপেক্ষা করতে হবে না বিশ্ব ফুটবলে সর্বকালের অন্যতম সেরা তারকাকে।
নানা কোয়াকু বনসাম, প্রথম শিরোনামে আসেন ২০১৪ সালে। সেবার পর্তুগাল পড়েছিল ঘানার গ্রুপে। সেসময় ওই স্বঘোষিত ওঝা দাবি করেন, তিনি ক্রিস্টিয়ানো রোনালদোর উপর ‘কালো জাদু’ করেছেন। বিশ্বকাপে বেশ কঠিন সময় কাটাতে হবে রোনালদোকে। ঘটনাচক্রে সেই বিশ্বকাপ মোটেই ভালো যায়নি সিআর সেভেনের। ক্যারিয়ারের মধ্যগগনে থাকা সত্ত্বেও নিজের দেশকে গ্রুপের গণ্ডি পেরিয়ে নকআউটে তুলতে পারেননি ক্রিস্টিয়ানো। নিজে মোটে একটি গোল পান। হাঁটুর চোটও ভোগায় তাকে। সেসময় ঘানার ওই ওঝা বেশ পরিচিত হয়ে যান।
কোয়াকু বনসাম নামের অর্থ ‘বুধবারের শয়তান’। তার দাবি, ঘানার প্রত্যন্ত এক গ্রামের ‘কোফি অ্যান্ড কোফি’ আশ্রম থেকে তিনি অলৌকিক শক্তি লাভ করেছেন। সেই শক্তির জোরেই নাকি তিনি ঝাড়ফুঁক করে প্রতিপক্ষের খেলোয়াড়দের ক্ষতি করতে পারেন। নিজেই জানিয়েছেন, ২০১৪ সালের বিশ্বকাপে তার ঝাড়ফুঁকের ফলেই নাকি হাঁটুতে চোট পেয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ১২ বছর বাদে সেই কোয়াকু ফের শিরোনামে। চলতি বিশ্বকাপে ঘানার প্রতিপক্ষ ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেনকে নাকি তিনি মন্ত্রবলে বেঁধে ফেলেছিলেন। তবে এবার রোনালদোকে নিয়ে তার ভবিষ্যদ্বাণী পর্তুগাল সমর্থকদের জন্য রীতিমতো আশাব্যাঞ্জক।
কোয়াকু বলছেন, ‘এই বিশ্বকাপ রোনালদোর। আমি দেখে নিয়েছি ট্রফিটা ওর হাতেই উঠছে।’ ঘানার ওই ওঝার দাবি, ‘আধ্যাত্মিক জগতে ইতিমধ্যেই পর্তুগাল বিশ্বকাপ জিতে নিয়েছে। আর আমি সেটা দেখেও ফেলেছি। রোনালদোর অপেক্ষা এবার শেষ হতে চলেছে।’
কোয়াকুর এই ভবিষ্যদ্বাণী যদি রোনালদো ভক্তরা শোনেন, তাহলে হয়তো বলবেন, আপনার মুখে ফুলচন্দন পড়ুক। আসলে এ বছর এমনিতেই পর্তুগালকে অনেকে রেখেছে ফেভারিট তালিকায়। তার উপর রোনালদো নিজের শেষ বিশ্বকাপে অধরা মাধুরীর সন্ধান পেতে মরিয়া। এতএব, কোয়াকুর ভবিষ্যদ্বাণী পর্তুগালপ্রেমীদের আরও বেশি আশাবাদী করে তুলবে, সেটাই স্বাভাবিক।