স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে রয়েছেন সেরা ফর্মে। শেষ ম্যাচেও জোড়া গোল করে দলকে তুলেছেন নকআউটে। কিন্তু বিশ্বকাপের মাঝেই সন্তান হারানোর শোক পেলেন নেদারল্যান্ডসের তারকা ফুটবলার কোডি গ্যাকপো।
চলতি বিশ্বকাপে যখন মাঠের পারফরম্যান্সে ডাচদের স্বপ্ন দেখাচ্ছেন কোডি গ্যাকপো, ঠিক তখনই তার জীবনে নেমে এলো এক চরম ট্র্যাজেডি। নেদারল্যান্ডসের এই ফরোয়ার্ডের প্রেমিকা সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে জানান, গর্ভাবস্থায় তাদের পুত্রসন্তান ইলাইজাহ রাফায়েলের মৃত্যুর খবর।
নকআউট পর্বের মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগে এমন হৃদয়বিদারক খবরে নেদারল্যান্ডস শিবিরে শোকের ছায়া নেমে আসে। সন্তান হারানোর এই অপূরণীয় ক্ষতি যেকোনো মানুষের জন্যই মেনে নেওয়া অসম্ভব। কিন্তু এমন কঠিনতম মুহূর্তেও এক অনন্য পেশাদারিত্ব ও মানসিক শক্তির পরিচয় দিয়েছেন ২৭ বছর বয়সী গ্যাকপো। শোকে ভেঙে পড়লেও নিজেকে শক্ত করে দলের স্বার্থে, দেশের টানে বিশ্বকাপ ছেড়ে যাননি তিনি। প্রেমিকা নোয়া এবং পরিবারের সঙ্গে দীর্ঘ আলোচনার পর গ্যাকপো টুর্নামেন্টের বাকি সময়ে জাতীয় দলের সঙ্গেই থাকার এক কঠিন সিদ্ধান্ত নিয়েছেন।
গ্যাকপোর সঙ্গী লিখেছেন, ‘ভাঙা হৃদয়ে জানাচ্ছি, গর্ভাবস্থায় আমাদের পুত্রসন্তান মারা গেছে। এই কঠিন সময়ে আমাদের পাশে থাকার জন্য এবং ভালোবাসা ও সমর্থন দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ।’
তিনি আরো লেখেন, ‘এলিজাহ রাফায়েল গ্যাকপো—চিরকাল আমাদের ভালোবাসায় থাকবে। চিরকাল সে আমাদের সন্তান।’
অন্যদিকে গ্যাকপোও এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলেন, ‘এটি আমাদের পরিবারের জন্য অত্যন্ত কঠিন এক সময়। আমরা সবার কাছে ব্যক্তিগত গোপনীয়তা ও কিছুটা সময় দেওয়ার অনুরোধ করছি। আপনাদের বোঝাপড়া ও সমর্থনের জন্য ধন্যবাদ।’
হৃদয়বিদারক এই সংবাদ প্রকাশের পর ফুটবল বিশ্বের অসংখ্য খেলোয়াড়, ক্লাব ও সমর্থক সামাজিক যোগাযোগমাধ্যমে গ্যাকপো ও তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। কঠিন এই সময়ে তাদের প্রতি ভালোবাসা ও সমর্থনের বার্তায় ভরে উঠেছে বিভিন্ন প্ল্যাটফর্ম।