স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের নকআউট পর্বে এশিয়ান পরাশক্তি জাপানের মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। এবারের বিশ্বকাপে শুরুটা আশানুরূপ না হলেও গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে ব্রাজিল।
অন্যদিকে, বিশ্বকাপে আশানুরূপ শুরু পেয়েছে জাপান। নকআউটে ওঠার পথে তিউনিসিয়াকে ৪-০ গোলে হারিয়ে প্রথম এশিয়ান দেশ হিসেবে এত বড় ব্যবধানে জয়ের রেকর্ড গড়েছে তারা। এছাড়া শক্তিশালী নেদারল্যান্ডসকেও ২-২ গোলে রুখে দিয়েছে দলটি। জাপান এবার টুর্নামেন্টের ডার্কহর্স হতে পারে বলেও বিশেষজ্ঞদের ধারণা।
এদিকে, প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করার পর হাইতি ও স্কটল্যান্ডকে টানা ৩-০ ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাস নিয়ে শেষ বত্রিশে পা রেখেছে সেলেসাওরা। প্রথম ম্যাচে পিছিয়ে পড়ার পর থেকে টানা সাত গোল করেছে ব্রাজিল, হজম করেনি একটিও। ২০০২ সালের বিশ্বকাপের পর এবারই প্রথম এত দীর্ঘ গোলের ধারাবাহিকতা গড়ল তারা।
দুই দলই দারুণ ছন্দে থাকায় ব্রাজিল-জাপান লড়াইকে এখন পর্যন্ত বিশ্বকাপের অন্যতম প্রত্তিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হিসেবে দেখা হচ্ছে। যুক্তরাষ্ট্রের হিউস্টন স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল (২৯ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায়।
ম্যাচটিকে ঘিরে ইতোমধ্যে সমর্থকদের মধ্যে জল্পনা-কল্পনা শুরু হয়ে গেছে। পরিসংখ্যানে অনেকটা এগিয়ে ব্রাজিল। তবে শেষ দেখায় জিতেছিল জাপান। এদিকে, অপটা সুপার কম্পিউটারের ২৫ হাজার সিমুলেশনে দেখা গেছে, নির্ধারিত ৯০ মিনিটে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৫৭.৭ শতাংশ। অন্যদিকে জাপানের জয়ের সম্ভাবনা ১৮ শতাংশ, আর ম্যাচ অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা ২৪.৩ শতাংশ।
ইনজুরি কাটিয়ে ৯৮১ দিন পর দলে ফেরা ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র এই ম্যাচে দলে থাকছেন। ব্রাজিলের আক্রমণভাগও দারুণ ছন্দে রয়েছে। মাথিউস কুনিয়া চারটি অন-টার্গেট শট থেকে তিন গোল করেছেন। অন্যদিকে ভিনিসিয়ুস জুনিয়র গ্রুপ পর্বে চার গোল করে রোনালদো, নেইমার ও জাইরজিনহোর কীর্তির পাশে নিজের নাম লিখিয়েছেন। রাফিনিয়ার অনুপস্থিতিতে মাত্র ১৯ বছর বয়সী রায়ান স্কটল্যান্ডের বিপক্ষে অ্যাসিস্ট করে ১৯৬৬ সালের পর বিশ্বকাপে ব্রাজিলের সর্বকনিষ্ঠ অ্যাসিস্টদাতা হয়েছেন।
এদিকে,দলের অধিনায়ক ওয়াতারু এন্দো ও তারকা উইঙ্গার কাওরু মিতোমা ইনজুরিতে ছিটকে গেলেও জাপান টানা ১০ ম্যাচ অপরাজিত। স্ট্রাইকার আয়াসে উয়েদা ইতোমধ্যে তিন গোল করে জাপানের হয়ে এক বিশ্বকাপে সর্বোচ্চ গোল-অবদানের যৌথ রেকর্ড গড়েছেন। এবারের বিশ্বকাপে জাপানের ১০ জন ভিন্ন খেলোয়াড় গোল কিংবা অ্যাসিস্ট করেছেন, যা তাদের নতুন জাতীয় রেকর্ড।