স্পোর্টস ডেস্ক : অতীত দ্বৈরথ এবং দীর্ঘদিনের ক্লাব সতীর্থ ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে বন্ধুত্বকে একপাশে সরিয়ে লিওনেল মেসিকেই ফুটবলের সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে স্বীকৃতি দিলেন ব্রাজিলিয়ান তারকা কাসেমিরো। মেজর লীগ সকারে (এমএলএস) সিএফ মন্ট্রিয়ালের বিপক্ষে ইন্টার মায়ামির ৭-১ গোলের বিশাল জয়ের পর ব্রাজিলিয়ান তারকা এই মন্তব্য করেন।
ক্রীড়া সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদনে বলা হয়, ম্যাচটিতে ৩৯ বছর বয়সী আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি একাই ৪ গোল (সুপার হ্যাটট্রিক) এবং ১ অ্যাসিস্ট করেন, যেখানে কাসেমিরোও ইন্টার মায়ামির হয়ে প্রথম গোলটি পান।
ম্যাচ শেষে ফ্ল্যাশ সাক্ষাৎকারে কাসেমিরো বলেন,‘দলে মেসি থাকার মানে এটাই। বিশ্বকাপে সে তা দেখিয়েছে। আমাদের এই মুহূর্তগুলো উপভোগ করতে হবে, কারণ সে এমন একজন খেলোয়াড় ও ব্যক্তি যে প্রতিনিয়ত ইতিহাস তৈরি করে চলেছে।’
মন্ট্রিলের বিপক্ষে তার সর্বশেষ চার গোলের কীর্তি দেখার পর তিনি বলেন, ‘আজ আমরা যা দেখলাম, তা আমাদের উপভোগ করতেই হবে। আমাদের তাকে সমর্থন করে যেতে হবে এবং তার পাশে থেকে প্রতিযোগিতা করতে হবে, কারণ সে এখনও সেরা। মেসি বিশ্বকে এটাই দেখিয়ে চলেছে। তাকে নিয়ে আমরা সত্যিই অনেক বেশি শক্তিশালী।
রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার ইউনাইটেডে দীর্ঘ সময় ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে খেলা কাসেমিরোর মুখ থেকে মেসির এমন প্রশংসা বিশ্বে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। স্পেনে খেলার সময় রিয়াল মাদ্রিদের রক্ষণাত্মক মিডফিল্ডার হিসেবে বার্সেলোনার মেসির বিরুদ্ধে মাঠে বহু কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে হয়েছিল তাকে।
চলতি বছরের জুলাই মাসে ইউরোপের অধ্যায় শেষ করে ইন্টার মায়ামিতে যোগ দেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার । মন্ট্রিয়ালের বিপক্ষেই মায়ামির জার্সি গায়ে নিজের প্রথম গোলটি পান এই ব্রাজিলিয়ান তারকা।
ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে মেসির সঙ্গে একই দলে খেলার স্বপ্ন পূরণ হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে এই ব্রাজিলিয়ান এবং স্বীকার করেন, ‘মেসির বিরুদ্ধে খেলার চেয়ে তার পাশে খেলা অনেক বেশি আনন্দের।’