স্পোর্টস ডেস্ক : গত কয়েক বছরে বাংলাদেশ-পাকিস্তান লড়াই পেয়েছে ভিন্নমাত্রা। সীমিত ওভারের পাশাপাশি টেস্টেও কয়েকবার বাংলাদেশ হারিয়েছে পাকিস্তানকে। সেই পাকিস্তান আগামী বছর বাংলাদেশে আসবে ৫টি ওয়ানডে খেলতে। ২০২৬ ও ২০২৭ সালের কয়েকটি দ্বিপাক্ষিক হোম সিরিজের জন্য আগ্রহপত্র ও আর্থিক প্রস্তাব আহ্বান করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
বাংলাদেশ-ভারত সিরিজ ছাড়াও সেখানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর (২ টেস্ট), ইংল্যান্ডের বাংলাদেশ সফর (২ টেস্ট) ও পাকিস্তানের বাংলাদেশ সফর (৫টি ওয়ানডে)। এর মধ্যে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের বাংলাদেশ সফর চলতি বছরে এবং ইংল্যান্ড ও পাকিস্তানের বাংলাদেশ সফর আগামী বছর হওয়ার কথা রয়েছে।
এই ৪ সিরিজের জন্য বোর্ড এরই মাঝে দরপত্র আহ্বান করে বিজ্ঞপ্তি জারি করেছে। আজ ২ জুলাই থেকে বিসিবি কার্যালয়ে আগ্রহপত্রের বিস্তারিত নথি পাওয়া যাবে এবং প্রস্তাব ২২ জুলাইয়ের মধ্যে বিসিবিকে জমা দিতে হবে।
বাংলাদেশ ও পাকিস্তান ওয়ানডেতে এখন পর্যন্ত ৪২ বার পরস্পরের মুখোমুখি হয়েছে। এর মধ্যে ৩৫ ম্যাচে জিতেছে পাকিস্তান, ৭টি ম্যাচে জিতেছে বাংলাদেশ, যে জয়গুলো বেশিরভাগই সাম্প্রতিক সময়ে।