স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ ফাইনালকে ঘিরে আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে জোর গুঞ্জন ছিল, কাতার বিশ্বকাপজয়ী দলের অন্যতম নায়ক আনহেল ডি মারিয়া নাকি যুক্তরাষ্ট্রে গিয়ে ট্রফি হস্তান্তর অনুষ্ঠানে অংশ নেবেন। যদিও সেই জল্পনায় নিজেই ইতি টেনেছেন আর্জেন্টাইন কিংবদন্তি। কারণ ফুটবলীয় নয়, বরং একান্তই ব্যক্তিগত- নিজের বিশ্বাস, মাঠে গেলে তিনি দলের জন্য ‘অপয়া’ হতে পারেন।
আর্জেন্টিনার অভিনেতা নিকো ভাসকেজ অভিনীত নাটক রকি দেখতে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন ডি মারিয়া। সেখানে তাকে প্রশ্ন করা হয়, নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপ ফাইনাল দেখতে তিনি যুক্তরাষ্ট্রে যাবেন কি-না।
হাসতে হাসতেই জবাব দেন ২০২২ বিশ্বকাপ ফাইনালের নায়ক, ‘না! তুমি কি পাগল নাকি?’ এরপর নিজের সিদ্ধান্তের ব্যাখ্যাও দেন তিনি। ডি মারিয়ার ভাষায়, ‘আমি যাইনি, এবারও যাচ্ছি না। আমি অপয়া (জিঙ্কস) হতে চাই না। আমি বাড়িতেই থাকব এবং সেখান থেকেই ম্যাচ দেখব।’
মাঠে উপস্থিত না থাকলেও হৃদয় দিয়ে দলের সঙ্গেই আছেন বলে জানিয়েছেন রোজারিওর এই তারকা। তিনি বলেন, ‘ছেলেরা জানে, প্রথম দিন থেকেই আমি তাদের সমর্থন করে আসছি। এবারও সবসময়ের মতো দূর থেকেই তাদের সমর্থন করব।’
আর্জেন্টিনার বর্তমান দল নিয়েও দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেন ডি মারিয়া। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়ে নতুন প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দেওয়ার সিদ্ধান্তটি সঠিক ছিল বলেই মনে করেন তিনি।
তার ভাষায়, ‘আমি খুবই খুশি, ভীষণ আনন্দিত। আমি মনে করি, সরে দাঁড়িয়ে তরুণদের সুযোগ দেওয়ার সিদ্ধান্তটি ঠিক ছিল। ছেলেরা আবারও বিশ্বকাপ ফাইনালে উঠেছে। গতকালের পারফরম্যান্সের পর তাদের কাছে এর চেয়ে বেশি কিছু চাওয়া যায় না।’
ডি মারিয়া যুক্তরাষ্ট্রে না যাওয়ায় সম্ভাব্য বিশ্বকাপ ট্রফি উপস্থাপনা অনুষ্ঠানে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করতে পারেন সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন মারিও আলবার্তো কেম্পেস অথবা অস্কার রুগেরি। কেম্পেস ১৯৭৮ সালের বিশ্বকাপ জয়ী দলের এবং রুগেরি ১৯৮৬ সালের বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।
বিশ্বকাপ ফাইনালের সবচেয়ে বড় মঞ্চে উপস্থিত না থাকলেও, আর্জেন্টিনার কোটি সমর্থকের মতোই নিজের ঘর থেকেই লিওনেল মেসি ও লিওনেল স্কালোনির দলের জন্য প্রার্থনা করবেন ‘ফিদেও’।
উল্লেখ্য, ডি মারিয়ার সেই সাক্ষাৎকারের ভিডিওটি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন।