বুধবার, ২২ জুলাই, ২০২৬, ০৪:৫২:২২

ঘরোয়া ক্রিকেটে ৫ নতুন নিয়ম চালু

ঘরোয়া ক্রিকেটে ৫ নতুন নিয়ম চালু

স্পোর্টস ডেস্ক : ভারতের ঘরোয়া ক্রিকেটের নতুন মৌসুম শুরুর আগে একগুচ্ছ গুরুত্বপূর্ণ নিয়ম কার্যকর করতে যাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। যদিও বোর্ড আনুষ্ঠানিকভাবে এগুলোকে ‘নিয়ম পরিবর্তন’ হিসেবে ঘোষণা করেনি। তবে গত মৌসুমের তুলনায় বেশ কয়েকটি ক্ষেত্রে নতুন নিয়ম দেখা যাবে।

ক্রিকেটের আইন প্রণয়নকারী সংস্থা মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)-এর সাম্প্রতিক আইন সংশোধনের সঙ্গে সামঞ্জস্য রেখে ঘরোয়া ক্রিকেটে এই পরিবর্তনগুলো আনা হয়েছে।

ইচ্ছাকৃত নো-বলে কঠোর শাস্তি

আগে ইচ্ছাকৃতভাবে সামনের পায়ে নো-বল করলে সংশ্লিষ্ট বোলারকে শুধু ওই ইনিংস থেকে নিষিদ্ধ করা হত। নতুন নিয়ম অনুযায়ী, আম্পায়ার যদি মনে করেন বোলার ইচ্ছাকৃতভাবে নো-বল করেছেন, তাহলে তিনি পুরো ম্যাচেই আর বোলিং করতে পারবেন না।

দিনের শেষ ওভারে উইকেট পড়লেও খেলা চলবে

এখন থেকে দিনের খেলার শেষ ওভারে কোনো ব্যাটার আউট হলে সঙ্গে সঙ্গে দিনের খেলা শেষ করা যাবে না। ওভারে যত বল বাকি থাকবে, সেগুলো সম্পন্ন করতেই হবে। নতুন ব্যাটারকে মাঠে নেমে খেলা চালিয়ে যেতে হবে। এতে ব্যাটিং দল অন্যায্য সুবিধা নিতে পারবে না।

ফলের সম্ভাবনা না থাকলেও পুরো ম্যাচ খেলতে হবে

আগে অনেক সময় ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনা থাকলে চতুর্থ ইনিংস আগেই ডিক্লেয়ার করা হতো বা খেলাই হত না। নতুন নিয়ম অনুযায়ী, এমনটি আর করা যাবে না। নির্ধারিত সময় পর্যন্ত ম্যাচ চালিয়ে যেতে হবে।

একদিনের ম্যাচে মাঠে যেতে পারবেন কোচ

ঘরোয়া একদিনের ম্যাচে পানিপানের বিরতির সময় কোচ মাঠে প্রবেশ করে খেলোয়াড়দের সঙ্গে কথা বলতে পারবেন। আন্তর্জাতিক ক্রিকেটে আইসিসিও ইতোমধ্যে একই ধরনের নিয়ম চালু করেছে।

উইকেটকিপারের গ্লাভস নিয়ে নিয়মে পরিবর্তন

আগে বোলার রান-আপ শুরু করার মুহূর্ত থেকেই উইকেটকিপারের গ্লাভস স্টাম্পের পিছনে রাখতে হত। নতুন নিয়মে বোলার বল ছাড়ার ঠিক আগে গ্লাভস সঠিক অবস্থানে থাকলেই তা বৈধ হিসেবে গণ্য হবে।

ভারতের বিভিন্ন রাজ্য ক্রিকেট সংস্থার কাছে ইতোমধ্যে নতুন নিয়ম সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে। আম্পায়ার ও ম্যাচ রেফারিদেরও বিষয়গুলো জানিয়ে দেওয়া হয়েছে, যাতে নতুন মৌসুম থেকেই নিয়মগুলো কার্যকরভাবে বাস্তবায়ন করা যায়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে