স্পোর্টস ডেস্ক : আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা ভারতীয় ক্রিকেটার অভিষেক পোড়েল গ্রেপ্তার হয়েছেন। এক তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধ'র্ষ'ণে'র অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। আজ মঙ্গলবার তাকে গ্রেপ্তার করেছে হুগলির মগরা থানার পুলিশ।
অভিষেকের বিরুদ্ধে অভিযোগটি করেন কর্নাটকের এক তরুণী। গত ২৩ জুন মগরা থানায় অভিযোগ দায়ের করেন তিনি। সেই তরুণীর দাবি, অভিষেকের সঙ্গে তার সাড়ে তিন বছর সম্পর্ক ছিল। দুজনের বিয়ের পরিকল্পনাও ছিল। একসঙ্গে বিদেশেও গিয়েছিলেন তারা।
তবে প্রায় দেড় বছর আগে তাদের দুজনের মধ্যে সমস্যা তৈরি হয়। বিষয়টি থানা পর্যন্ত গড়ালেও তখন অভিযোগ দায়ের হয়নি। পরে আবার থানায় অভিযোগ করেন ওই তরুণী।
অভিযোগ দায়েরের পর বেশ কিছু দিন পেরিয়ে গেলেও পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ওই তরুণী। হাই কোর্টের বিচারপতি অভিষেককে গ্রেপ্তারের নির্দেশ দেন। এরপরই তাকে গ্রেপ্তার করে পুলিশ।
মাঠের ক্রিকেটে অবশ্য গত দুই মৌসুমে ভালো করেছেন অভিষেক। বাংলার হয়ে ধারাবাহিক রান করে আইপিএলে সুযোগ পান তিনি। গত মৌসুমে দিল্লি ক্যাপিটালস তাকে দলে নেয়।