স্পোর্টস ডেস্ক : ভারতের বিপক্ষে সেপ্টেম্বরে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান। সিরিজটির সূচি গত ১১ আগস্ট প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। আর তাতে মূলত বাংলাদেশ-ভারত সিরিজ কার্যত শেষ হয়েছে।
কেননা সেপ্টেম্বরেই তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ভারতের। কিন্তু সীমিত সংস্করণের সিরিজটি হবে কিনা তা নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কিছুই জানায়নি দুই পক্ষই। অথচ, সিরিজটি খেলতে চলতি মাসের ২৮ আগস্ট বাংলাদেশে আসার কথা ভারতের।
এমন ঘোলাটে পরিস্থিতে ভারতী ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক কর্মকর্তা মুখ খুলেছেন। তবে নাম প্রকাশে অনিচ্ছুক তিনি।
সংবাদ সংস্থা পিটিআইকে সাক্ষাৎকার দিয়েছেন সেই কর্মকর্তা। বাংলাদেশে আসার বিষয়টি ভারতের সরকারের অনুমতির ওপর নির্ভর করছে বলে জানান তিনি।
বিসিসিআই কর্মকর্তা বলেছেন, ‘সরকার অনুমতি দিলে তবেই বাংলাদেশে যাবে ভারতীয় দল। আপাতত হাই কমিশনারের সঙ্গে কথাবার্তা চলছে। কিন্তু সরকারের অনুমতির পরেই সবটা চূড়ান্ত হবে।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে সম্পর্ক ঠিকঠাক আছে বলেও জানান সেই কর্মকর্তা। তিনি বলেছেন, ‘বিসিবির সঙ্গে সম্পর্ক আপাতত ঠিকঠাকই রয়েছে।
তবে সরকারের থেকে চূড়ান্ত অনুমতির অপেক্ষায় রয়েছি আমরা। এখনো সিরিজের সূচি ঠিক হয়নি। অনুমতি পাওয়া গেলেই দ্রুত সেটি নির্ধারিত হয়ে যাবে।’
দুই দেশের রাজনৈতিক টানাপোড়ন শুরু হয়েছে সর্বশেষ আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ায়। বাঁহাতি পেসারকে বাদ দেওয়ার প্রতিবাদে পরে তো টি-টোয়েন্টি বিশ্বকাপই খেলতে যায়নি বাংলাদেশ।