রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ০২:১৪:৫৩

জয় পেল বাংলাদেশ, বিপদে পড়ল ভারত!

জয় পেল বাংলাদেশ, বিপদে পড়ল ভারত!

স্পোর্টস ডেস্ক : জয় পেল বাংলাদেশ, বিপদে পড়ল ভারত! সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ হারিয়ে দিয়েছে অস্ট্রেলিয়াকে। তার প্রভাব পড়েছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায়ও। বাংলাদেশের এই জয়ে চাপ বেড়ে গেছে ভারতের ওপর। ফাইনালে ওঠার লড়াই তাদের জন্য এখন আরও কঠিন হয়ে দাঁড়িয়েছে।

তবে বাংলাদেশের কাছে প্রথমবার হেরেও পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে অস্ট্রেলিয়া। নয়টি টেস্ট খেলে তাদের পয়েন্ট শতাংশ এখন ৭৭ দশমিক ৭৮। দ্বিতীয় স্থানে আছে দক্ষিণ আফ্রিকা। চারটি টেস্ট খেলে তাদের পয়েন্ট শতাংশ ৭৫। তৃতীয় স্থানে নিউজিল্যান্ড। ছয়টি টেস্ট খেলে তাদের পয়েন্ট শতাংশ ৭২ দশমিক ২২।

চার নম্বরেই আছে বাংলাদেশ। তবে তাদের পয়েন্ট শতাংশ বেড়েছে অনেকটা। পাঁচটি টেস্ট খেলে বাংলাদেশের পয়েন্ট শতাংশ এখন ৬৬ দশমিক ৬৭। অস্ট্রেলিয়া-বাংলাদেশ প্রথম টেস্টের আগে এই পয়েন্ট শতাংশ ছিল ৫৮ দশমিক ৩৩।

আগের মতোই পাঁচ নম্বরে আছে ভারত। নয়টি টেস্ট খেলে তাদের পয়েন্ট শতাংশ ৪৮ দশমিক ১৫। ছয় নম্বরে আছে শ্রীলঙ্কা, পয়েন্ট শতাংশ ৪১ দশমিক ৬৭। গল টেস্টে প্রথম দিন থেকেই বৃষ্টির কারণে খেলায় বিঘ্ন ঘটছে। এতে ম্যাচের ফল বের হওয়ার সম্ভাবনা কমছে, যা ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে ভারতের জন্য।

বাংলাদেশের জয়ের পর তাদের যেমন শীর্ষ ২-এ থাকার সুযোগ বেড়ে গেছে, তেমনি গল টেস্টে বৃষ্টির হানার কারণে শীর্ষ ২-এ থেকে এবারের আসর শেষ করার সম্ভাবনা কমছে ভারতের।

ভারতের বর্তমান পয়েন্ট ৫২, শতকরা পয়েন্টের হার ৪৮.১৫। ভারতের ম্যাচ বাকি আছে আর ৯টি। পয়েন্ট শতকরা ৬০ ভাগে নিয়ে যেতে হলে তাদের পয়েন্ট দরকার ৭৮। সে পর্যন্ত যেতে হলে ভারতের চাই ৬টি জয় আর ২টি ড্র, বা ৭টি জয়। 

তাদের সূচিটাও সহজ নয়। শ্রীলঙ্কা সফরের পর নিউজিল্যান্ডে ২ ম্যাচের সিরিজ আছে একটি, এরপর ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে আতিথ্য দিতে হবে। সেই সিরিজে খেলা হবে ৫ ম্যাচ। এই নয় ম্যাচ থেকেই নিদেনপক্ষে ৬ কিংবা ৭টি জয় বের করতে হবে ভারতকে। ফলে চাপটা বেশ বেড়ে গেছে তাদের ওপর।

এদিকে তালিকায় সাত নম্বরে ইংল্যান্ড। ১৩টি টেস্ট খেলে তাদের পয়েন্ট শতাংশ ২৪ দশমিক ৩৬। ফাইনালের দৌড়ে শেষ দুই স্থানে আছে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। ছয়টি টেস্ট খেলে পাকিস্তানের পয়েন্ট শতাংশ ২২ দশমিক ২২। আর ১২টি টেস্ট খেলে সবার নিচে আছে ওয়েস্ট ইন্ডিজ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে