রবিবার, ১৬ আগস্ট, ২০২৬, ০৮:৪৫:৩১

অস্ট্রেলিয়া ইনিংস ব্যবধানে হার এড়ালেও হারের শঙ্কা এখনও কাটেনি

অস্ট্রেলিয়া ইনিংস ব্যবধানে হার এড়ালেও হারের শঙ্কা এখনও কাটেনি

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে ইনিংস ব্যবধানে হার চোখ রাঙাচ্ছিল অস্ট্রেলিয়াকে। তবে সেটা এড়িয়েছে অজিরা। প্রতিবেদন লেখার আগ পর্যন্ত ৭ উইকেটে এখন পর্যন্ত তুলেছে ২৪৩ রান। আর তাতে ১৫ রানের লিড নিয়ে মধ্যাহ্ন বিরতিতে গিয়েছে স্বাগতিকরা।

অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ১৯৮ রানের জবাবে বাংলাদেশ ৪২৬ রানের পাহাড় গড়ে বসে। প্রথম ইনিংসের লিডটা গিয়ে ঠেকে ২২৮ রানে। 

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দ্রুতই দুই ওপেনারকে হারায় অজিরা। সেখান থেকে স্টিভেন স্মিথের ৪৪ আর ক্যামেরন গ্রিনের ফিফটির পরও শঙ্কা কাটছিল না অস্ট্রেলিয়ার। কারণ ওপাশে যে উইকেট একটার পর একটা পড়েই যাচ্ছিল। 

তৃতীয় দিনটা অস্ট্রেলিয়া শেষ করেছিল ১৬১ রানে। ইনিংস ব্যবধানে হার এড়াতে তাদের প্রয়োজন ছিল ৬৭ রান। তবে সকালে মেহেদী হাসান মিরাজ একে একে ৩ উইকেট তুলে নেন। ফলে একটু একটু করে শঙ্কা বাড়ছিল অজিদের।

সবশেষ কামিন্সের উইকেটটা যখন নেয় বাংলাদেশ, তখনও স্বাগতিকরা ২১ রানে পিছিয়ে ছিল ইনিংস ব্যবধানে হার থেকে। শেষমেশ গ্রিনের কল্যাণে সে হারটা এড়িয়েছে অস্ট্রেলিয়া। গ্রিন অপরাজিত আছেন ৮৫ রানে, ওপাশে মিচেল স্টার্ক তুলে ফেলেছেন ১৪ রান।

অস্ট্রেলিয়া ইনিংস ব্যবধানে হার এড়ালেও হারের শঙ্কা এখনও কাটেনি। লিডটা এখন মোটে ১৫ রানের। বিরতির পর যদি ইনিংসটা দ্রুতই শেষ হয়ে যায় তাহলে যে বাংলাদেশের জন্য লক্ষ্যটা একেবারেই কম হয়ে যাবে, তা আর বলতে!

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে