স্পোর্টস ডেস্ক : নেদারল্যান্ডসের ওয়াজেনার স্টেডিয়ামে হকি বিশ্বকাপে আর্জেন্টিনা ৭-১ গোলে বিধ্বস্ত করল নিউজিল্যান্ডকে। গতকাল (২০ আগস্ট) ২০২৬ এফআইএইচ হকি বিশ্বকাপের পুল ‘এ’-র এই ম্যাচে জয়ী হয়ে পরের ধাপে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা।
ম্যাচের শুরুতেই এগিয়ে যায় নিউজিল্যান্ড। ১২ মিনিটে কেন রাসেলের গোলে ১-০ লিড নেয় তারা। এরপর শুরু হয় আর্জেন্টিনার একের পর এক আক্রমণ। তবে প্রথম কোয়ার্টার শেষে ব্যবধান ধরে রাখে নিউজিল্যান্ড।
তবে পরের তিন কোয়ার্টারে আর্জেন্টিনার আক্রমণের সামনে পুরোপুরি ভেঙে পড়ে নিউজিল্যান্ড। একের পর এক আক্রমণে নিউজিল্যান্ডকে কোণঠাসা করে রাখে। নিউজিল্যান্ডের রক্ষণভাগে চাপ সৃষ্টি করে একের পর এক আক্রমণ শানায়। ম্যাচে পেনাল্টি কর্নার ও ফিল্ড গোল—দুই ক্ষেত্রেই দুর্দান্ত দক্ষতা দেখান আর্জেন্টিনার খেলোয়াড়রা। চারটি ফিল্ড গোলের পাশাপাশি দুটি পেনাল্টি কর্নার থেকে গোল এবং একটি পেনাল্টি স্ট্রোক থেকে গোল পেয়েছে আর্জেন্টিনা।
দ্বিতীয় কোয়ার্টারের ২৬ মিনিট ৩ সেকেন্ডে স্কট বয়েডের গোলে সমতা ফেরায় আর্জেন্টিনা। এরপর ৩৮ মিনিট ২১ সেকেন্ডে বাউতিস্তা কাপুরোর গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় তারা। আর্জেন্টিনার হয়ে হ্যাটট্রিক করেন ডমিনি থমাস। বাউতিস্তা কাপুরো করেছেন জোড়া গোল। একটি করে গোল করেছেন তাদেও মারকুচি ও নিকোলাস কিনান।
প্রথম ম্যাচে জাপানের বিপক্ষে ৩-০ গোলের জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল আর্জেন্টিনা। তবে পরে ম্যাচেই শক্তিশালী নেদারল্যান্ডসের কাছে ১-৩ গোলে হেরে যায়। গতকালের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিল লস লিওনেস খ্যাত দলটি।
দুর্দান্ত এই জয়ের ফলে পুল ‘এ’-তে তিন ম্যাচ শেষে আর্জেন্টিনার পয়েন্ট ৬। দুই জয় ও এক হার নিয়ে গোলব্যবধানে তারা রয়েছে এক নম্বরে। দুই ম্যাচে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেদারল্যান্ডস।
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, ২১ থেকে ২৪ আগস্ট পর্যন্ত হবে দ্বিতীয় ধাপের লড়াই। প্রথম ধাপের ফলের ভিত্তিতে দলগুলোকে আবার চারটি নতুন পুল—ই, এফ, জি ও এইচ'তে ভাগ করা হবে।