রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ০৬:২৩:০৩

ইমাম-উল-হককে পাওয়া নিয়ে পাকিস্তান শিবিরে শঙ্কা

ইমাম-উল-হককে পাওয়া নিয়ে পাকিস্তান শিবিরে শঙ্কা

স্পোর্টস ডেস্ক : লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্টের বাকি অংশে ইমাম-উল-হককে পাওয়া যাবে কি না, তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে পাকিস্তান শিবিরে। বাঁহাতি এই ওপেনারের বাঁ পায়ের মাংসপেশিতে গ্রেড-১ চিড় ধরা পড়েছে।

প্রথম দিনের খেলা শেষে চোটের পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় ইমামের স্ক্যান করানো হয়। পরীক্ষায় তার বাঁ পায়ের মাংসপেশিতে চিড় ধরা পড়ে। এই চোট থেকে সেরে উঠতে প্রায় ১০ দিন বিশ্রামে থাকতে হবে তাকে।

প্রথম দিনের চা-বিরতির পর থেকেই মাঠে ছিলেন না ইমাম। তার বদলে ফিল্ডিং করেছেন সালমান আলী আগা। চোটের কারণে দ্বিতীয় দিন পাকিস্তানের প্রথম ইনিংসে ব্যাটিংয়েও নামতে পারেননি ইমাম। ইংল্যান্ডের ২৯০ রানের জবাবে মাত্র ৩৮ ওভারে ১১০ রানে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস।

ইমাম দ্বিতীয় ইনিংসেও ব্যাট করতে না পারলে তা পাকিস্তানের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়াবে। তৃতীয় দিন শেষে ৩ উইকেট হাতে রেখে ৩৫৭ রানে এগিয়ে আছে ইংল্যান্ড। এই টেস্টে জিততে পারলে ২০২৪ সালের ডিসেম্বরের পর প্রথমবারের মতো কোনো টেস্ট সিরিজ জিতবে ইংলিশরা।

তবে ইমামের জন্য কিছুটা স্বস্তির খবর আছে। আগামী ৯ সেপ্টেম্বর বার্মিংহ্যামে শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট। লর্ডস টেস্টের পর হাতে থাকা সময়ে চোট থেকে সেরে ওঠার যথেষ্ট সুযোগ পাচ্ছেন পাকিস্তানের এই ওপেনার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে