মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬, ০১:৪৮:৩৭

পাকিস্তান ক্রিকেট বোর্ড নিল এক কঠোর ও নজিরবিহীন পদক্ষেপ

পাকিস্তান ক্রিকেট বোর্ড নিল এক কঠোর ও নজিরবিহীন পদক্ষেপ

স্পোর্টস ডেস্ক : স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে টানা দুই টেস্টে শোচনীয় হারের চরম মাশুল গুনতে হলো পাকিস্তান ক্রিকেট দলকে। লজ্জাজনক এই পারফরম্যান্সের পরই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নিয়েছে এক কঠোর ও নজিরবিহীন পদক্ষেপ।

প্রধান কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে সরফরাজ আহমেদকে। সেই সঙ্গে দল থেকে একযোগে ৭ ক্রিকেটারকে ছেঁটে ফেলে সোজা দেশে ফেরত পাঠানোর নির্দেশ জারি করা হয়েছে।

চলতি সিরিজের প্রথম টেস্টে হেডিংলিতে ইনিংস ও ১০৩ রানের বিশাল ব্যবধানে হেরেছিল পাকিস্তান। এরপর লর্ডসে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে সংগ্রহ দাঁড়ায় ১৯৪ রানের বিশাল পরাজয়।

টানা দুই হারে তিন ম্যাচের টেস্ট সিরিজে ইতিমধ্যেই ২-০ ব্যবধানে পিছিয়ে সিরিজ খুইয়েছে সফরকারীরা। আগামী মাসে এজবাস্টনে অনুষ্ঠিত হতে যাওয়া শেষ টেস্টের আগেই এই বড় ধরনের রদবদল আনল পিসিবি।

দল পরিচালনা ও ফিল্ডিং-ব্যাটিংয়ের জঘন্য অবস্থার কারণে চলমান এই দলকে সাম্প্রতিক সময়ের ‘সবচেয়ে দুর্বল দল’ বলে আখ্যা দিচ্ছেন বিশ্লেষকেরা। এমন চরম ভরাডুবির পর সরফরাজ আহমেদের পরিবর্তে লাল বলের দলের কোচের দায়িত্ব দেওয়া হয়েছে সাদা বলের দায়িত্বে থাকা মাইক হেসনকে।
পাশাপাশি বোলিং কোচ উমর গুলের স্থলাভিষিক্ত হয়েছেন সাবেক অস্ট্রেলীয় পেসার অ্যাশলি নফকি।

বাদ পড়া সাত ক্রিকেটারের তালিকায় অন্যতম বড় নাম উইকেটরক্ষক-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান এবং ওপেনার ইমাম-উল-হক। উল্লেখ্য, লর্ডস টেস্ট চলাকালে পায়ের পেশির চোটের কারণে ব্যাট করতেই নামতে পারেননি ইমাম।

একই সঙ্গে দেশে ফেরত পাঠাবার তালিকায় রয়েছেন সালমান আলী আগাও। হেডিংলিতে প্রথম টেস্টে নিয়মিত অধিনায়ক বাবর আজম চোট পেয়ে ছিটকে গেলে দলকে নেতৃত্ব দিয়েছিলেন এই অলরাউন্ডারই।

সোমবার এক কঠোর বিজ্ঞপ্তিতে পিসিবি নিশ্চিত করে, ‘লর্ডস টেস্ট সমাপ্তির পর টেস্ট স্কোয়াড থেকে মোট সাতজন ক্রিকেটারকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।’

বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, ‘ছেড়ে দেওয়া ক্রিকেটারদের তালিকায় রয়েছেন মোহাম্মদ রিজওয়ান, ইমাম-উল-হক, সালমান আলী আগা, আলী উসমান, আমির জামাল, মুহাম্মদ আওয়াইস জাফর এবং খুররম শাহজাদ। এ ছাড়া প্রধান কোচ সরফরাজ আহমেদ ও বোলিং কোচ উমর গুলকে অব্যাহতি দিয়ে সাপোর্ট স্টাফ হিসেবে যুক্ত করা হয়েছে মাইক হেসন ও অ্যাশলি নফকিকে।’ 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে