স্পোর্টস ডেস্ক : উরুগুয়ে কাপে অস্বাভাবিক এক ঘটনা ঘটেছে। মাঠে ঢুকে সমর্থকরা খেলোয়াড়দের ওপর হামলা করলে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়ে। দানুবিও ও মন্টেভিডিও সিটি টর্কের মধ্যকার ম্যাচে এমন কাণ্ড ঘটান দানুবিওর উগ্র সমর্থকগোষ্ঠী ‘বারা ব্রাভা’।
মাঠে ঢুকে নিজেদের খেলোয়াড়দের আক্রমণ করতে গেলে গোলরক্ষক কেভিন মার্তিনেজের সঙ্গে তাদের হাতাহাতি শুরু হয়।
ম্যাচের শেষদিকে সফরকারী মন্টেভিডিও সিটি টর্ক ২-০ গোলে এগিয়ে ছিল। তখন ‘উরুগুয়ান ফুটবল বিশ্ববিদ্যালয়’-এর সমর্থক হিসেবে পরিচিত একদল দর্শক মাঠে ঢুকে দানুবিওর খেলোয়াড়দের ধাওয়া ও হয়রানি শুরু করেন। এসময় সেবাস্তিয়ান রদ্রিগেজকে ধাক্কা দেওয়া হয়। নিরাপত্তাকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার আগেই ২০ বছর বয়সী গোলরক্ষক মার্তিনেজ তাতে জড়িয়ে পড়েন।
নিজেদের সতীর্থদের রক্ষা করতে গোলপোস্ট ছেড়ে দ্রুত মাঠের মাঝামাঝি চলে আসেন মার্তিনেজ। এরপর সমর্থকদের সঙ্গে ঘুষি ও লাথি বিনিময়ে জড়িয়ে পড়েন তিনি। এ সময় দলের অন্য খেলোয়াড় ও পুলিশ পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।
সৌভাগ্যক্রমে পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং কেউ আহত হননি। তবে এই ঘটনায় দানুবিওকে কঠোর শাস্তির মুখে পড়তে হতে পারে। এরই মধ্যে অবনমন এড়ানোর লড়াইয়ে থাকা ক্লাবটির ওপর এই সহিংসতার ঘটনা বাড়তি চাপ তৈরি করেছে।
বর্তমানে জার্দিনেস দেল ইপ্পোদ্রোমো দলটি অবনমন অঞ্চলে রয়েছে। অবনমন এড়ানোর নিরাপদ অবস্থানে থাকা মন্টেভিদিও ওয়ান্ডারার্সের চেয়ে তারা পিছিয়ে সাত পয়েন্টে। ক্লসুরা টুর্নামেন্টেও দানুবিওর শুরুটা হয়েছে হতাশাজনক। প্রথম চার ম্যাচে মাত্র দুই পয়েন্ট পেয়েছে তারা, দুটি ম্যাচ ড্র করে।