মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬, ০৪:০৮:৪২

'মেসি নয়, রোনালদোই ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড়'

'মেসি নয়, রোনালদোই ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড়'

স্পোর্টস ডেস্ক : লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের খবর প্রকাশ্যে আসতেই পুরোনো ‘গোট’ বিতর্কে নতুন করে ঘি ঢাললেন ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মরগান। তার দাবি, মেসি নয়, বরং ক্রিশ্চিয়ানো রোনালদোই ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা খেলোয়াড়।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (৩১ আগস্ট) নিজের এক্স অ্যাকাউন্টে মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের খবর শেয়ার করেন মরগান। পোস্টে তিনি আন্তর্জাতিক ফুটবলে দুই মহাতারকার গোলের পরিসংখ্যান তুলে ধরে রোনালদোকেই শ্রেষ্ঠ হিসেবে ঘোষণা করেন।

মরগানের দেওয়া তথ্যমতে, আর্জেন্টিনার হয়ে ১২৫ গোল করে আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন মেসি। অন্যদিকে পর্তুগালের জার্সিতে ১৪৬ গোল নিয়ে এই তালিকার শীর্ষে রয়েছেন রোনালদো।

এই পরিসংখ্যান তুলে ধরেই দীর্ঘদিনের মেসি-রোনালদো শ্রেষ্ঠত্ব বিতর্কের নিষ্পত্তি হয়ে গেছে বলে দাবি করেন মরগান।

তার ভাষায়, ক্রিশ্চিয়ানো রোনালদো পর্তুগালের হয়ে ১৪৬ গোল করেছেন, যা আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ। কে ইতিহাসের সেরা খেলোয়াড়—এ নিয়ে যে বিতর্ক, এটি সেটিরও নিষ্পত্তি করে দিয়েছে।

রোনালদোর সঙ্গে পিয়ার্স মরগানের ব্যক্তিগত ঘনিষ্ঠতার বিষয়টি অবশ্য নতুন নয়। পর্তুগিজ মহাতারকার সঙ্গে তার বন্ধুত্বের কারণে মেসি-রোনালদোর দীর্ঘদিনের ‘গোট’ বিতর্কে মরগানের এমন মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

এদিকে আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা নিজেই জানিয়েছেন মেসি। ইনস্টাগ্রামে দেওয়া এক আবেগঘন বিবৃতিতে আর্জেন্টাইন কিংবদন্তি বলেন, দীর্ঘ সময় ধরে ভেবে-চিন্তেই তিনি জাতীয় দলের হয়ে খেলা থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

মেসি লিখেছেন, শেষ ম্যাচের পর থেকে এতটা সময় পেরিয়ে গেছে। দীর্ঘ সময় ধরে ভেবে-চিন্তে আমি সবাইকে জানাতে চাই, জাতীয় দলের হয়ে খেলা থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

নিজের এই সিদ্ধান্ত সহজ ছিল না বলেও জানিয়েছেন ৩৯ বছর বয়সী এই তারকা। তিনি বলেন, এটি ছিল একটি বেদনাদায়ক সিদ্ধান্ত, যা এখনো আমাকে ভেতর থেকে কষ্ট দেয়। কিন্তু আমি বুঝতে পারছি, সময়টা এসে গেছে।

আর্জেন্টিনার জার্সির প্রতি নিজের দায়বদ্ধতার কথাও স্মরণ করেছেন মেসি। তিনি বলেন, শুধু সাম্প্রতিক বছরগুলোতে সব শিরোপা জেতার সময়ই নয়, তার আগেও সবসময় দেশের জন্য লড়েছেন এবং নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছেন।

মেসির ভাষায়, আমি সবসময় আমার সর্বস্ব দিয়েছি। শুধু সাম্প্রতিক বছরগুলোতে নয়, যখন আমরা সবকিছু অর্জন করেছি তার আগেও আমি এই দেশের জন্য সবসময় লড়েছি এবং নিজের সর্বোচ্চটা দিয়েছি।

মেসির আন্তর্জাতিক অবসরের মধ্য দিয়ে আর্জেন্টিনার জার্সিতে শেষ হলো দীর্ঘ ২১ বছরের এক বর্ণাঢ্য অধ্যায়। আর তার বিদায়ের খবরের মধ্যেই রোনালদোকে ‘সর্বকালের সেরা’ ঘোষণা করে ফুটবল বিশ্বের সবচেয়ে আলোচিত বিতর্ককে আবারও সামনে নিয়ে এলেন পিয়ার্স মরগান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে