স্পোর্টস ডেস্ক : দারুণ পারফরম্যান্সের পুরস্কার হিসেবে ইংল্যান্ডের টি-টোয়েন্টি ও ওয়ানডে দলে জায়গা পেয়েছেন হেনরি ক্রকোম্বে। মাত্র আট দিনের ব্যবধানে দুটি হ্যাটট্রিক করে আলোচনায় আসা এই পেসার এর আগে গত জুনে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের স্কোয়াডেও ছিলেন। তবে সে ম্যাচে মূল একাদশে সুযোগ পাননি।
লাল বলের ক্রিকেটে ক্রকোম্বের পারফরম্যান্স বেশ নজরকাড়া। সাদা বলের ক্রিকেটে অবশ্য তার পরিসংখ্যান তুলনামূলকভাবে সাধারণ। ৩৬টি লিস্ট ‘এ’ ম্যাচে তার শিকার ৪৯ উইকেট। আর ৩৫টি টি-টোয়েন্টিতে পেয়েছেন ৩৪ উইকেট।
এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন সিরিজের আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ইংল্যান্ড। এই দলে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন অ্যানাইরিন ডোনাল্ড। ডান উরুর চোটে ফিল সল্ট ছিটকে যাওয়ায় তার সামনে জাতীয় দলে অভিষেকের সুযোগ তৈরি হয়েছে। অভিষেক হলে গত দুই দশকে গ্ল্যামরগনের প্রথম ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডের হয়ে খেলার কৃতিত্ব অর্জন করবেন তিনি।
২৯ বছর বয়সি ডোনাল্ড এখন পর্যন্ত ৫০টি লিস্ট ‘এ’ ম্যাচে ২৩.২৫ গড়ে করেছেন ১ হাজার ২৩ রান। টি-টোয়েন্টিতে ১১১ ম্যাচে ২৩.৯৯ গড়ে তার সংগ্রহ ২ হাজার ৪২৩ রান। তার স্ট্রাইক রেট ১৭০.৯৯ এবং রয়েছে ১৮টি ফিফটি।
শ্রীলঙ্কার বিপক্ষে ইংল্যান্ডের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হবে ১৫, ১৭ ও ১৯ সেপ্টেম্বর। এরপর ২২, ২৪ ও ২৭ সেপ্টেম্বর মাঠে গড়াবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। দুই সংস্করণেই ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন হ্যারি ব্রুক।
ইংল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড: হ্যারি ব্রুক (অধিনায়ক), জফরা আর্চার, গাস অ্যাটকিনসন, সনি বেকার, টম ব্যান্টন, জস বাটলার, জেমস কোলস, জর্ডান কক্স, লিয়াম ডসন, অ্যানাইরিন ডোনাল্ড, বেন ডাকেট, উইল জ্যাকস, সাকিব মাহমুদ, জেমি ওভারটন, আদিল রাশিদ, জশ টাং।
ইংল্যান্ডের ওয়ানডে স্কোয়াড: হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, জফরা আর্চার, গাস অ্যাটকিনসন, টম ব্যান্টন, সনি বেকার, জস বাটলার, জর্ডান কক্স, হেনরি ক্রকোম্ব, লিয়াম ডসন, বেন ডাকেট, উইল জ্যাকস, জেমি ওভারটন, আদিল রাশিদ, জো রুট, জশ টাং।