শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:২০:৩৩

হতাশাজনক পারফরম্যান্স, ১০ গোল খেয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন মার্তিনেজ

হতাশাজনক পারফরম্যান্স, ১০ গোল খেয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন মার্তিনেজ

স্পোর্টস ডেস্ক : চেলসির হয়ে এমন শুরু হয়তো নিজেও কল্পনা করেননি এমিলিয়ানো মার্তিনেজ। বিশ্বজয়ী এই আর্জেন্টাইন গোলরক্ষকের ওপর ভরসা রেখেছিলেন ব্লুজ ভক্তরা। তবে মাঠের পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। চেলসির হয়ে নিজের প্রথম চার ম্যাচেই তার জালে ঢুকেছে ১০টি গোল। টানা এমন হতাশাজনক পারফরম্যান্সের পর দলটির সমর্থকদের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন মার্তিনেজ।

চেলসির হয়ে অভিষেক ম্যাচে ব্রাইটন অ্যান্ড হোব অ্যালবিওনের বিপক্ষে ৩ গোল হজম করেন এমি। এরপর আর্সেনালের কাছে ২ গোল, হাল সিটির সাথে ২ গোল এবং সবশেষ ব্রেন্টফোর্ডের বিপক্ষে ৩ গোল হজম করেন তিনি।

কাঙ্ক্ষিত ফলাফল না পেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন বার্তায় সমর্থকদের উদ্দেশ্যে আর্জেন্টাইন লিখেছেন, ‘ক্লাব ও সমর্থকদের ভালোবাসার প্রতিদান আমরা দিতে পারছি না। চেলসির হয়ে প্রথম চার ম্যাচেই ১০টি গোল হজম করা আমার জন্য অত্যন্ত বেদনার। আমি জানি সমর্থকরা কতটা আশা নিয়ে মাঠে আসেন, এই পারফরম্যান্সের জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি।’

আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ ও কোপা আমেরিকা জয়ে গোলবারের নিচে প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন মার্তিনেজ। তবে চেলসির জার্সিতে মৌসুমের শুরুতে একের পর এক গোল খেয়ে ব্যাকফুটে এই তারকা।

অবশ্য দ্রুত ঘুরে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়ে তিনি লেখেন, আমরা কোথায় ভুল করছি তা চিহ্নিত করছি। অনুশীলন মাঠে আমরা কঠোর পরিশ্রম করছি এবং খুব শিগগিরই চেলসিকে জয়ের ধারায় ফিরিয়ে আনব, এ প্রতিশ্রুতি দিচ্ছি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে