স্পোর্টস ডেস্ক : আন্তর্জাতিক ফুটবলে লিওনেল মেসির শেষ ম্যাচ ঘিরে এরই মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচটিকে মেসির বিদায়ী ম্যাচ হিসেবে নির্ধারণ করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। জাতীয় দলের জার্সিতে কিংবদন্তি এই তারকাকে শেষবার দেখার অপেক্ষায় সমর্থকেরা। আবেগঘন এই মুহূর্ত নিয়ে কথা বলেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও।
মেসির পাশাপাশি স্কালোনির নিজের ভবিষ্যৎ নিয়েও রয়েছে অনিশ্চয়তা। তাই মেসির বিদায়ী ম্যাচে উপস্থিত থাকতে চান তিনি। আর্জেন্টাইন কোচের মতে, মেসির মতো একজন কিংবদন্তির প্রাপ্য এমন বিদায়, যেখানে নিজের সমর্থকদের সামনে থেকে তাদের ভালোবাসা অনুভব করতে পারবেন তিনি।
স্কালোনি বলেন, মেসির বিদায়ের মুহূর্তে পাশে থাকতে পারাটাকে তিনি নিজের দায়িত্বের অংশ হিসেবেই দেখছেন। ভবিষ্যতে নিজে দলের দায়িত্বে থাকবেন কি না, সেটি নিশ্চিত না হওয়ায় এই বিশেষ ম্যাচে মেসিকে রাখার বিষয়ে তারা চেষ্টা করেছেন।
মেসি যে কঠিন পরিস্থিতির মধ্যেও সমর্থকদের সামনে এসে বিদায় জানাতে আগ্রহী, সেটিকেও বিশেষভাবে দেখছেন স্কালোনি। তার মতে, প্রিয় মানুষদের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য এর চেয়ে ভালো সময় হয়ত আর নাও আসতে পারে।
আর্জেন্টিনার কোচের ভাষায়, মেসি যাদের ভালোবাসা পেয়েছেন, সেই সমর্থকদের সামনে দাঁড়িয়ে বিদায় জানানোর ইচ্ছা ও চেষ্টা করাটাই অনেক বড় বিষয়। তার জন্য যদি কোনো সম্মাননা বা বিদায়ী আয়োজন করতেই হয়, তাহলে সেটি এখনই করা উচিত। সময় পেরিয়ে গেলে মুহূর্তটির আবেগ ও আবহ হয়ত আর একই রকম থাকবে না।
বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে দীর্ঘ ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার পথে মেসি। আর্জেন্টিনার জার্সিতে এখন পর্যন্ত ২০৭ ম্যাচে তার গোলসংখ্যা ১২৫। নিজের শেষ বিশ্বকাপেও আটবার প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছেন তিনি।
মেসির সঙ্গে স্কালোনির সম্পর্কও দীর্ঘদিনের। আর্জেন্টিনা কোচের দায়িত্বে থেকে মেসিকে কাছ থেকে পাওয়া নিজের ক্যারিয়ারের অন্যতম সেরা অভিজ্ঞতা বলে মনে করেন তিনি। স্কালোনির কাছে মেসিকে কোচিং করানোর সুযোগ ছিল স্বপ্ন পূরণের মতো।
স্কালোনি বলেন, মেসির মতো একজন খেলোয়াড় জীবনে খুব কমই আসে। শুধু মাঠে তার অসাধারণ পারফরম্যান্সই নয়, মাঠের বাইরেও তার ব্যক্তিত্ব ও আচরণ তাকে আলাদা করে তুলেছে। মেসিকে কোচিং করানোর অভিজ্ঞতা তিনি সারাজীবন মনে রাখবেন বলেও জানান আর্জেন্টাইন কোচ।