শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬, ০৯:১২:২১

৭৯ বলে অপরাজিত ১৮৮ রানের বিধ্বংসী ইনিংস, গেইলকে ছাড়িয়ে সর্বোচ্চ রানের নতুন রেকর্ড

৭৯ বলে অপরাজিত ১৮৮ রানের বিধ্বংসী ইনিংস, গেইলকে ছাড়িয়ে সর্বোচ্চ রানের নতুন রেকর্ড

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার তরুণ ব্যাটার লুয়ান-ড্রে প্রিটোরিয়াস টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড নিজের করে নিয়েছেন। ক্রিস গেইলের দীর্ঘদিনের রেকর্ড ভেঙে মাত্র ৭৯ বলে অপরাজিত ১৮৮ রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন তিনি।

সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে শুক্রবার রাতে ব্লুমফন্টেইনে নাইটসের বিপক্ষে টাইটানসের হয়ে এ ইনিংস খেলেন ২০ বছর বয়সী প্রিটোরিয়াস। তাঁর ইনিংসে ছিল ১৫টি চার ও ১৩টি ছক্কা।

এর আগে পুরুষদের টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ডটি ছিল গেইলের দখলে। ২০১৩ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ৬৬ বলে অপরাজিত ১৭৫ রান করেছিলেন ক্যারিবীয় এই ব্যাটার।

প্রিটোরিয়াস মাত্র ২৪ বলে ফিফটি পূর্ণ করেন। এরপর আরও ১৬ বলে সেঞ্চুরি করেন তিনি। ১৫০ রানে পৌঁছাতে তাঁর লাগে ৫৮ বল। শেষ পর্যন্ত ৭৯ বলে ১৮৮ রানে অপরাজিত থাকেন এই বাঁহাতি ওপেনার।

তাঁর ইনিংসটি পুরুষদের টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যক্তিগত রানের পাশাপাশি সবচেয়ে বেশি বল খেলা ইনিংসের রেকর্ডেও জায়গা করে নিয়েছে। ৭৯ বল খেলে তিনি অ্যারন ফিঞ্চ ও মার্কাস স্টয়নিসের সঙ্গে যৌথভাবে এই রেকর্ডে রয়েছেন।

প্রিটোরিয়াসের ব্যাটিং তাণ্ডবে টাইটানস ২০ ওভারে ৩ উইকেটে ২৬৭ রান সংগ্রহ করে। সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে এটি দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এই প্রতিযোগিতায় সর্বোচ্চ ২৭১ রানের রেকর্ডটিও টাইটানসের, ২০২২ সালে একই নাইটসের বিপক্ষে।

এই ম্যাচের আগে প্রতিযোগিতায় ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড ছিল ডেওয়াল্ড ব্রেভিসের ১৬২। এবার সেই রেকর্ডও ছাড়িয়ে গেলেন প্রিটোরিয়াস।

চলতি মৌসুমে এটিই ছিল প্রিটোরিয়াসের প্রথম ম্যাচ। এর আগে সেপ্টেম্বরে জিম্বাবুয়ে ও নামিবিয়াকে নিয়ে হওয়া ত্রিদেশীয় সিরিজে তাঁর ব্যাট থেকে এসেছিল যথাক্রমে ৯৪ ও ১০১ রান। আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র ২২ ম্যাচ খেলা প্রিটোরিয়াস ইতোমধ্যে ৯১টি টি-টোয়েন্টি খেলেছেন। এই ফরম্যাটে তাঁর স্ট্রাইক রেট ১৫০.৪৪।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।