স্পোর্টস ডেস্ক : প্রথমার্ধে পিছিয়ে পড়া। বিপরীতে প্রত্যাবর্তনের চেষ্টা করার পরেও ম্যাচে ফেরা হচ্ছিল না ফ্রান্সের। সময় দ্রুত ফুরিয়ে আসছিল। ম্যাচ হার যখন জেঁকে বসার শঙ্কা ঠিক তখনি দেজিরে দুয়ের অবিশ্বাস্য গোল।
সামনে বেলজিয়ামের কয়েকজন ডিফেন্ডার থাকার পরেও তাদের ফাঁক গলে ৭৭ মিনিটে বক্সের কাছ থেকে বাঁ পায়ের শট ফ্রান্সকে সমতায় ফেরান দুয়ে। এরপর আর ফ্রান্সকে থামায় কে? থামাতে পারেনি বেলজিয়ামের রক্ষণভাগ।
শেষ ১৪ মিনিটে ৪ গোল দিয়ে নাটকীয় এক জয় পেয়েছে ফ্রান্স। দুয়ের সমতা ফেরানোর পর ৮১ মিনিটে করা রায়ান চেরকির গোলে এগিয়ে যায় দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বাকি দুটো করেন তার মতোই বদলি নামা মাইকেল ওলিসে।
টানা তিন ম্যাচে গোল পাওয়া ওলিসে গতকাল নিজের প্রথম গোল করেন ৮৮ মিনিটে।
বক্সের জটলার মধ্যে বল পেয়ে ওলিসেকে বল দেন দুয়ে। তা থেকে আলতো টোকায় বলকে জালে জড়ান ওলিসে। আর ম্যাচের যোগ করা সময়ের প্রথম মিনিটে বেলজিয়ামের জালে শেষ পেরেক মারেন তিনি।
এবারও দুয়ে-ওলিসের দারুণ জুটি। বাঁ প্রান্ত থেকে ভেতরে ঢুকে সতীর্থর উদ্দেশে বক্সের বল বাড়ান দুয়ে, তা থেকে গোলরক্ষকের পায়ের ফাঁক দিয়ে বল জালে জড়ান ওলিসে।
তাতে ৪-১ গোলের রোমাঞ্চকর জয় নিয়ে মাঠ ছাড়ে কোচ জিনেদিন জিদানের শিষ্যরা।
এর আগে ঘরের মাঠ স্টেডে দে ফ্রান্সে ম্যাচের ৩৫ মিনিটে পিছিয়ে পড়েছিল ফ্রান্স। বেলজিয়ামের হয়ে গোলটি করেছিলেন দদি লুকেবাকিও। সেই গোল শোধ দেওয়ার অনেক সুযোগ পেয়েছিল ফ্রান্স। তবে কখনো বাইরে শট মেরে, কখনো আবার দেম্বেলে-চেরকিদের সামনে বাঁধা হয়ে দাঁড়ান বেলজিয়ামের গোলরক্ষক।
এ জয়ে ফিফা উইন্ডোটা দারুণ কাটল ফ্রান্সের। তাতে নেশনস লিগের ‘গ্রুপ-১’ এর শীর্ষস্থানটাও মজবুত হয়েছে জিদানের দলের। ৩ জয় ও ১ ড্রয়ে তাদের পয়েন্ট এখন ১০। বিপরীতে ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে ইতালি। আর তিনে থাকা বেলজিয়ামের ৬ পয়েন্টের বিপরীতে সবার শেষে কোনো পয়েন্ট না পাওয়া তুরস্ক।