মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬, ০১:৫৫:৩১

লিওনেল মেসির হৃদয়স্পর্শী বার্তা

লিওনেল মেসির হৃদয়স্পর্শী বার্তা

স্পোর্টস ডেস্ক : আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলতে নামার আগে আবেগঘন বার্তা দিয়েছেন বিশ্বকাপজয়ী তারকা লিওনেল মেসি। বিদায়ী ম্যাচের ২৪ ঘণ্টারও কম সময় আগে অনুশীলন সেশনের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে নিজের অনুভূতির কথা জানান রোজারিওর এই ফুটবল জাদুকর।

অনুশীলন শেষে মেসি লিখেছেন, বিশেষ কিছু মুহূর্ত, যা আমি জানি যে আমি মিস করব। তার এই বার্তায় আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে দীর্ঘ ও বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষ অধ্যায়ের আবেগ স্পষ্ট হয়ে উঠেছে।

এজাইজা অনুশীলন কমপ্লেক্সে জাতীয় দলের হয়ে নিজের শেষ অনুশীলন সেশন সম্পন্ন করেন মেসি। সেশন শেষে সেখানেই দলের সঙ্গে রাতের খাবার সারেন তিনি। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু ছবি প্রকাশ করেন আর্জেন্টাইন অধিনায়ক।

ছবিগুলোর একটিতে সতীর্থদের সঙ্গে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা যায় মেসিকে। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে পুরো দলের একটি ছবি। সেখানে জাতীয় দলের খেলোয়াড়দের পাশাপাশি কোচিং স্টাফ, মাঠকর্মী, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) কর্মী এবং সভাপতি ক্লদিও তাপিয়াকেও দেখা যায়।

বুধবার (৭অক্টোবর) বাংলাদেশ সময় ভোর ৫টায় মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। ম্যাচটি মেসির জাতীয় দলের জার্সিতে বিদায়ী ম্যাচ হওয়ায় এরই মধ্যে তৈরি হয়েছে বাড়তি আবেগ ও উত্তেজনা।

শুধু মেসিই নন, আর্জেন্টিনা দলে রয়েছেন আরও কয়েকজন অভিজ্ঞ তারকা, যাদের ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। তাদের মধ্যে নিকোলাস ওতামেন্দি ইতোমধ্যে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। দলে রয়েছেন রদ্রিগো দে পল ও জিওভানি লো সেলসোর মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়রাও।

বেনিনের বিপক্ষে মেসি ও অন্য অভিজ্ঞদের কতটা সময় মাঠে দেখা যাবে, সেটিই এখন দেখার বিষয়। তবে কোনো অপ্রত্যাশিত পরিস্থিতি না হলে মেসিকে পুরো ৯০ মিনিট মাঠে রাখার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ ঘিরে তাই মনুমেন্টালে তৈরি হয়েছে অন্যরকম আবেগ। বিশ্বকাপ, কোপা আমেরিকাসহ অসংখ্য স্মরণীয় মুহূর্তের সাক্ষী সেই জার্সিতে শেষবারের মতো মাঠে নামতে যাচ্ছেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।