বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ০৫:০৭:৩০

সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে তাসকিনের বড় লাফ

সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে তাসকিনের বড় লাফ

স্পোর্টস ডেস্ক : আইসিসির ওয়ানডে বোলারদের সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে বড় অগ্রগতি হয়েছে বাংলাদেশের পেসার তাসকিন আহমেদের। ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ের সুবাদে ৯ ধাপ এগিয়ে ১২ নম্বরে উঠে এসেছেন তিনি। একই তালিকায় দুই ধাপ উন্নতি করে ১১ নম্বরে জায়গা করে নিয়েছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সর্বশেষ হালনাগাদ র‍্যাঙ্কিংয়ে এ পরিবর্তন দেখা গেছে। সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে চলমান ত্রিদেশীয় সিরিজে পারফরম্যান্সের সুবাদে র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন বাংলাদেশের দুই পেসার।

সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের ইনিংসের শুরুতেই তিনটি উইকেট তুলে নিয়েছিলেন তাসকিন। তবে তার সেই পারফরম্যান্সের পরও ম্যাচটি জিততে পারেনি বাংলাদেশ।

ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান আরও শক্ত করেছেন আফগানিস্তানের স্পিনার রশিদ খান। জিম্বাবুয়ের বিপক্ষে ১৭ রান খরচায় ৪ উইকেট নিয়ে তার রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৭৪২। দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানের আবরার আহমেদ ও তৃতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজের চেয়ে ৮০ পয়েন্ট এগিয়ে রয়েছেন তিনি।   

ব্যাটিং র‍্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে আফগানিস্তানের তরুণ ব্যাটার সিদিকুল্লাহ আতালের। জিম্বাবুয়ের বিপক্ষে ১১০ বলে ১০২ রানের ইনিংস খেলে ১২ ধাপ এগিয়ে ২০ নম্বরে উঠে এসেছেন তিনি।

এদিকে রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত সিরিজ শেষে ওয়ানডে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে পাকিস্তানের সালমান আগা ও ইংল্যান্ডের বেন ডাকেটের। সালমান উঠে এসেছেন ১২ নম্বরে, আর ডাকেটের অবস্থান ১৩তম।

ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ শেষেও সংক্ষিপ্ত সংস্করণের র‍্যাঙ্কিংয়ে পরিবর্তন এসেছে। ব্যাটারদের তালিকায় দুই ধাপ এগিয়ে নবম স্থানে উঠেছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপ। ছয় ধাপ এগিয়ে ১৮ নম্বরে জায়গা করে নিয়েছেন সতীর্থ শেরফেন রাদারফোর্ড।

টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে ১০ ধাপ উন্নতি হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনার গুডাকেশ মোতির। নতুন তালিকায় ২৬ নম্বরে উঠে এসেছেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।