রবিবার, ০৮ নভেম্বর, ২০২৬, ১১:৪৫:২৪

৩-০ গোলে এগিয়ে থেকেও জয় নিয়ে মাঠছাড়া হলো না মেসিদের

৩-০ গোলে এগিয়ে থেকেও জয় নিয়ে মাঠছাড়া হলো না মেসিদের

স্পোর্টস ডেস্ক : প্রথমার্ধেই প্রতিপক্ষ শার্লট এফসির জালে তিনবার বল পাঠিয়ে নিশ্চিত জয়ের আভাস দিয়েছিল ইন্টার মায়ামি। কিন্তু দ্বিতীয়ার্ধে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে পরপর তিনটি গোল শোধ করে দেয় শার্লট।

ফলে ৩-০ গোলে এগিয়ে থেকেও জয় নিয়ে মাঠছাড়া হলো না লিওনেল মেসি ও লুইস সুয়ারেজদের। ম্যাচে মহাতারকা মেসি নিজেও ছিলেন কিছুটা অনুজ্জ্বল, পাননি কোনো গোল বা অ্যাসিস্টের দেখা। তবে টানা দুই মৌসুমে লিগের সর্বোচ্চ গোলদাতা হয়ে ইতিহাস গড়ে ঠিকই গোল্ডেন বুট নিজের করে নিয়েছেন এই আর্জেন্টাইন জাদুকর।
মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল ইন্টার মায়ামি ও শার্লট এফসি।

৩৪ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থেকে লিগ পর্ব শেষ করেছে মায়ামি। এই তালিকায় ৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে ন্যাশভিলে এসসি। এর মাধ্যমে ২০২৪ সালে মায়ামির গড়া এক মৌসুমে সর্বোচ্চ ৭৪ পয়েন্টের রেকর্ডটি নিজেদের করে নিল ন্যাশভিলে।

ম্যাচে গোল না পেলেও পুরো মৌসুমে ২৬টি গোল করে এমএলএসের সর্বোচ্চ গোলদাতা হিসেবে মৌসুম শেষ করলেন লিওনেল মেসি। এর মাধ্যমে এমএলএসের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা দুই মৌসুমে গোল্ডেন বুট জয়ের এক ঐতিহাসিক রেকর্ড গড়লেন তিনি।

রোমাঞ্চকর এই ম্যাচের প্রথমার্ধের ১৪তম মিনিটে ইয়ান ফ্রেইয়ের গোলে এগিয়ে যায় মায়ামি। ৩৩তম মিনিটে মেসির মাপা কর্নার থেকে জার্মান বার্তেরামের হেডে বল পান লুইস সুয়ারেজ, যা অত্যন্ত কাছ থেকে জালে জড়িয়ে দেন এই উরুগুইয়ান ফরোয়ার্ড। এরপর ৪২তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে রদ্রিগো ডি পলের দুর্দান্ত এক শটে ৩-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যায় ফ্লোরিডার দলটি।

তবে বিরতির পর গল্প পাল্টে দেয় শার্লট এফসি।

দ্বিতীয়ার্ধে নেমে আক্রমণের পসরা সাজিয়ে ৫০ ও ৫৫তম মিনিটে টানা দুটি গোল করে ব্যবধান ৩-১ ও ৩-২ এ নামিয়ে আনেন শার্লটের লিয়েল আবাদা। এরপর ম্যাচের ৯০তম মিনিটে টাইগার স্মলসের শট পোস্টে লেগে ফেরত আসলে ফিরতি বলে নিখুঁত শটে সমতা ফেরান রোদোলফো আলোকো। এর আগে গত ২ মে অরল্যান্ডো সিটির বিপক্ষেও ঠিক একইভাবে ৩-০ গোলে এগিয়ে থেকেও ৪-৩ ব্যবধানে হেরেছিল মায়ামি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।