শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ০২:৪৩:৪৫

২৬ বছরের মধ্যে সবচেয়ে বড় পরাজয়ের তিক্ত স্বাদ পেল ভারত

২৬ বছরের মধ্যে সবচেয়ে বড় পরাজয়ের তিক্ত স্বাদ পেল ভারত

স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের চতুর্থ ম্যাচে শুক্রবার (১৩ নভেম্বর) দুঃস্বপ্নের এক দিন পার করেছে ভারত। মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে স্বাগতিকদের কাছে ২৪৪ রানের বিশাল ব্যবধানে হেরেছে টিম ইন্ডিয়া। এই হারে ২৬ বছরের মধ্যে ওয়ানডেতে সবচেয়ে বড় পরাজয়ের তিক্ত স্বাদ পেল ভারত।

প্রথমে ব্যাট করতে নেমে উইল ইয়ংয়ের দুর্দান্ত ১২৫ রানের ইনিংসে ভর করে ৩৩৩ রানের বিশাল সংগ্রহ গড়ে নিউজিল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে ভারত। কোনো রান যোগ হওয়ার আগেই প্রথম ওভারে তিন উইকেট হারায় সফরকারীরা। শেষ পর্যন্ত মাত্র ৮৯ রানেই গুটিয়ে যায় ভারতের ইনিংস।

ভারতের এই ব্যাটিং বিপর্যয়ের মূল কারিগর ছিলেন নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরি। প্রথম ওভারেই রোহিত শর্মা, বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ারকে সাজঘরে ফেরান তিনি। তিনজনই রানের খাতা খোলার আগেই আউট হন।

চার বল খেলে শূন্য রানে আউট হওয়ার মধ্য দিয়ে এক অনাকাঙ্ক্ষিত রেকর্ডে কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পাশে বসেছেন বিরাট কোহলি। ওয়ানডে ক্রিকেটে ভারতের হয়ে সর্বোচ্চ ২০টি ডাকের (শূন্য রানে আউট) রেকর্ড এখন যৌথভাবে কোহলি ও টেন্ডুলকারের দখলে।

তবে এই তালিকায় সবচেয়ে দ্রুত ২০টি ডাকের রেকর্ড গড়েছেন কোহলি। মাত্র ৩২১ ম্যাচেই এই অনাকাঙ্ক্ষিত মাইলফলকে পৌঁছেছেন তিনি। অন্যদিকে টেন্ডুলকারের লেগেছিল ৪৬৩ ম্যাচ।

তালিকার তৃতীয় স্থানে রয়েছেন ভারতের সাবেক পেসার জাভাগাল শ্রীনাথ। ওয়ানডেতে তার ডাকের সংখ্যা ১৯টি। ১৮টি করে ডাক নিয়ে পরের অবস্থানে রয়েছেন অনিল কুম্বলে ও রোহিত শর্মা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।