মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ০২:৩৫:৩৩

নতুন রেকর্ড গড়লেন বাবর আজম

নতুন রেকর্ড গড়লেন বাবর আজম

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টিতে রান পাচ্ছিলেন, কিন্তু ছক্কা আসছিল না। টানা ১২ ম্যাচে ছক্কা মারতে পারেননি বাবর আজম। অবশেষে সেই অপেক্ষার অবসান হলো। ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএলটি-টোয়েন্টি) অভিষেক ম্যাচেই দুটি ছক্কা হাঁকালেন পাকিস্তানের এই ব্যাটার। সঙ্গে গড়লেন টুর্নামেন্টের নতুন রেকর্ড।

সোমবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শারজাহ ওয়ারিয়র্সের বিপক্ষে ৫১ বলে ৮৬ রান করেন বাবর। তার ইনিংসে ছিল ১৩টি চার ও দুটি ছক্কা। দুর্দান্ত এই ইনিংসে ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন তিনি। তার ১৩টি চার আইএলটি-টোয়েন্টির এক ইনিংসে সর্বোচ্চ বাউন্ডারির নতুন রেকর্ড।

এর আগে ২০২৪ সালে এক ইনিংসে ১১টি চার মেরে রেকর্ড গড়েছিলেন আলিশান শারাফু। সোমবার প্রথম ইনিংসে শারজাহ ওয়ারিয়র্সের হয়ে সেই রেকর্ড স্পর্শ করেন পল ওয়াল্টার। কয়েক ঘণ্টার ব্যবধানে বাবর দুজনকেই ছাড়িয়ে যান।

শারজাহ ওয়ারিয়র্সের ঘরের মাঠেও বাবরকে ঘিরে ছিল দর্শকদের উচ্ছ্বাস। দুই ইনিংসেই গ্যালারি থেকে শোনা গেছে তার নাম ধরে স্লোগান। মাঠে তার জনপ্রিয়তার প্রমাণ মিলেছে দর্শকদের এই সমর্থনে।

বাবরের দুটি ছক্কাও ছিল বিশেষ। কারণ, এর আগে টানা ১২ ম্যাচে কোনো ছক্কা মারতে পারেননি তিনি। সর্বশেষ ছক্কাটি এসেছিল ইংল্যান্ড সফরে পাকিস্তানের তৃতীয় টেস্টে। ম্যাচটি হয়েছিল গত ৯ থেকে ১৩ সেপ্টেম্বর। এরপর পাকিস্তান ও নিজের ঘরোয়া দল অয়েল অ্যান্ড গ্যাস ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেডের হয়ে ৩৩৮ রান করলেও ছক্কা পাননি তিনি।

অভিষেকেই সেঞ্চুরির কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন বাবর। তবে ৮৬ রানেই থামতে হয় তাকে। অ্যাডাম মিলনের বলে বড় শট খেলতে গিয়ে টাইমিংয়ে ভুল করেন তিনি। ক্যাচ নেন ওয়াল্টার।

ম্যাচে আগে ব্যাট করে ২০ ওভারে ১৬৬ রানে অলআউট হয় শারজাহ ওয়ারিয়র্স। শুরুতে ভালো অবস্থানে থাকলেও শেষ দিকে ভাইপার্সের বোলাররা তাদের চাপে রাখেন।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন বাবর। মাত্র ৩১ বলে পূর্ণ করেন অর্ধশতক। দশম ওভারে আসে তার ফিফটি। এরপর তৃতীয় উইকেটে ক্লার্কের সঙ্গে ৮২ রানের জুটি গড়েন তিনি। তাতেই জয়ের পথ সহজ হয়ে যায় ডেজার্ট ভাইপার্সের।

শেষ পর্যন্ত ১৭.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৭ রান করে ডেজার্ট ভাইপার্স। ১৫ বল হাতে রেখেই ছয় উইকেটের জয় পায় তারা। টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে এমআই এমিরেটসের কাছে হেরেছিল বর্তমান চ্যাম্পিয়নরা। এই জয়ে সেই হারও ভুলল দলটি।

সিজন ফাইভের নিলামে ৮০ হাজার ডলারের ভিত্তিমূল্যে বাবরকে দলে নিয়েছিল ডেজার্ট ভাইপার্স। টুর্নামেন্টে নিজেদের পরের ম্যাচে ২৫ নভেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুবাই ক্যাপিটালসের মুখোমুখি হবে তারা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে।