এমটিনিউজ২৪ ডেস্ক : কুমিল্লাতে দেবিদ্বারে বাবার মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এক মাদরাসার ছাত্রের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার পৌরসভার বানিয়াপাড়া আজগর আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম মো. খালিদ হোসেন (৮)। সে দেবিদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়নের গোপালনগর গ্রামের সাবেক পুলিশ কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন স্বপনের ছেলে।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, ওই শিশু তার বাবার সঙ্গে দেবিদ্বারের পৌর এলাকার বাবুস সালাম নামে একটি হাফিজিয়া মাদরাসা থেকে বাড়ির দিকে যাচ্ছিল। এ সময় পৌর এলাকার আজগর আলী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে পৌঁছালে ভাঙাচোরা সড়কের ঝাঁকুনিতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে। এ সময় পেছন থেকে আসা একটি কাভার্ডভ্যানের চাপায় ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। পরে তারা বাবা শিশুটির রক্তাত্ব দেহ নিয়ে বাড়ির দিকে চলে যায়।
দেবিদ্বার বাবুস সালাম মাদরাসার শিক্ষক মো. আবু সাঈদ বলেন, খালিদ হোসেনের বাবা মোয়াজ্জেম হোসেন গত সপ্তাহে বাবুস সালাম মাদরাসায় অফিসিয়াল কাজ দেখাশোনার করার জন্য চাকরিতে যোগ দেন। তখন খালিদকেও তার সঙ্গে আসা যাওয়া করত। রোববার সকালে মাদরাসার কাজ শেষ করে বাড়ির দিকে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, শিশুটি ঘটনাস্থলে মারা গেছে। ঘটনা শোনার পর পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।