শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ১২:০৭:২০

মসজিদে নামাজরত অবস্থায় বৃদ্ধের মৃত্যু

মসজিদে নামাজরত অবস্থায় বৃদ্ধের মৃত্যু

এমটিনিউজ২৪ ডেস্ক : কুমিল্লার মুরাদনগরে মসজিদে নামাজরত অবস্থায় মো. গিয়াস উদ্দিন সরকার (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৮ জুন) রাতে উপজেলার সদর ইউনিয়নের ধনীরামপুর বাজার মসজিদে এশার নামাজ আদায়ের সময় এ ঘটনা ঘটে।

মো. গিয়াস উদ্দিন সরকার ধনীরামপুর গ্রামের সরকার বাড়ির মৃত মনু মিয়ার ছেলে। তিনি পেশায় জমির পরিমাপক ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। শুক্রবার (১৯ জুন) সকালে ধনীরামপুর খেলার মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতে গিয়াস উদ্দিন এশার নামাজ আদায়ের জন্য ধনীরামপুর বাজার মসজিদে যান। এশার ফরজ নামাজ শেষে বিতর নামাজ আদায়ের সময় তিনি দ্বিতীয় রাকাতের রুকুতে যান। সেখান থেকেই সামনের দিকে ঝুঁকে পড়ে যান। বিষয়টি খেয়াল করে অন্য মুসল্লিরা এগিয়ে গিয়ে দেখেন তিনি অচেতন অবস্থায় পড়ে আছেন। পরে তাকে উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মুরাদনগর থানার ওসি আনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে রাতেই গিয়াস উদ্দিন সরকারের মৃত্যুর বিষয়টি জেনেছি। এটি একটি স্বাভাবিক মৃত্যু। তিনি নামাজরত অবস্থায় মারা যান।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে