এমটিনিউজ২৪ ডেস্ক : কুমিল্লার নাঙ্গলকোটে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘মা সমাবেশ’ অনুষ্ঠানের ব্যানারে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামসংবলিত স্লোগান ব্যবহার করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে ব্যবহৃত ব্যানারে লেখা ছিল ‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ।’
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে বিদ্যালয় ভবনে ‘মা সমাবেশ’ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বহিষ্কৃত নাঙ্গলকোট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মুমিন। এ সময় বিদ্যালয়ের সভাপতি মাস্টার বেলায়েত হোসেনসহ ইউনিয়ন বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের ব্যানারে সাবেক স্বৈরশাসক শেখ হাসিনার নামসংবলিত স্লোগানটি লেখা থাকায় বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়। বিষয়টি নজরে এলে ব্যানারে থাকা ‘শেখ হাসিনা’ শব্দটি কলম দিয়ে মুছে দেওয়া হয়।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফেজ সাইদুল ইসলাম বলেন, পুরোনো ব্যানার দিয়ে অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। তাই প্রথমে বিষয়টি কারো নজরে আসেনি। পরে নজরে আসার সঙ্গে সঙ্গে কলম দিয়ে ‘শেখ হাসিনা’ শব্দটি মুছে দেওয়া হয়েছে।
উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল মুমিন বলেন, এটি একটা লোগো, আমরা যারা প্রোগ্রামে গিয়েছি, লোগোর দিকে আমাদের তাকানো হয়নি।
উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিজাম উদ্দিন বলেন, ব্যানারে এমন স্লোগান রাখা ঠিক হয়নি। এ বিষয়ে প্রাথমিকভাবে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে তলব করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রায়হান বলেন, বিষয়টি তদন্ত করে শিক্ষা কর্মকর্তার সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।