শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬, ১০:০৭:০২

যাত্রী ও যানবাহন নিয়ে ছেড়ে যাওয়ার পর পাটুরিয়ায় ফেরিতে আগুন

যাত্রী ও যানবাহন নিয়ে ছেড়ে যাওয়ার পর পাটুরিয়ায় ফেরিতে আগুন

এমটিনিউজ২৪ ডেস্ক : মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট থেকে যাত্রী ও যানবাহন নিয়ে ছেড়ে যাওয়ার পর ‘কেরামত আলী’ নামের একটি ফেরিতে হঠাৎ অগ্নিকাণ্ড ঘটেছে।

শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। এতে ফেরিতে থাকা যাত্রী, চালক ও শ্রমিকদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী ও বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, ফেরিটি ঘাট থেকে লোডিং শেষ করে গন্তব্যের উদ্দেশ্যে রওনা হওয়ার কিছু দূর পরেই হঠাৎ ইঞ্জিনের কাছ থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই কালো ধোঁয়া ছড়িয়ে পড়লে যাত্রীরা চিৎকার-চেঁচামেচি শুরু করেন এবং নিরাপদ আশ্রয়ের জন্য ছোটাছুটি করতে থাকেন।

প্রাথমিকভাবে ফেরির কর্মচারীরা নিজস্ব অগ্নিনির্বাপক সরঞ্জাম দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় শিবালয় ফায়ার সার্ভিসের একটি ইউনিট। তাদের সম্মিলিত প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। সৌভাগ্যবশত এ ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিআইডব্লিউটিসির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. আব্দুস সালাম জানান, ফেরির সাইলেন্সার পাইপ জ্যাম হয়ে যাওয়ায় ধোঁয়া ও সামান্য আগুনের সৃষ্টি হয়েছিল।

তিনি বলেন, এটি বড় কোনো দুর্ঘটনা নয়, যান্ত্রিক গোলযোগের কারণে এমনটি হয়েছে। বর্তমানে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে এবং কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ফায়ার সার্ভিস জানায়, দ্রুত খবর পাওয়ায় বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে