সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬, ১০:৫৪:১২

মুন্সীগঞ্জে হঠাৎ ইলিশের কেজি কত হলো জানেন?

মুন্সীগঞ্জে হঠাৎ ইলিশের কেজি কত হলো জানেন?

এমটিনিউজ২৪ ডেস্ক : মুন্সীগঞ্জের মিরকাদিম আড়তে চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ। রোজার আগে চড়া অন্যান্য মাছের দরও। ক্রেতারা বলছেন, ব্যবসয়ীরা সিন্ডিকেট করে বাড়াচ্ছেন মাছের দাম।

বসন্তের ভোরে মুন্সীগঞ্জের মিরকাদিমে রুপালি ইলিশের ঝিলিক। হাঁকডাকে জমে উঠেছে মাছের বেচাকেনা। ইলিশের স্বাদ নিতে আসা মানুষের উপচে পড়া ভিড়ও দেখা যায় হাটজুড়ে।

 তবে রোজার আগে বাজার বেশ চড়া। এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ৩ হাজার টাকায়। আর ৪৫০ থেকে ৭০০ গ্রামের ইলিশের দর হাঁকা হচ্ছে ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ২০০ টাকা কেজি।

এত চড়া দামে ক্ষোভ প্রকাশ করছেন ক্রেতারা। ইলিশের পাশাপাশি হাটে উঠছে পাঙাশ, বোয়াল, কাতল, মৃগেলসহ নানা জাতের মাছ। ক্রেতারা বলছেন, বাজারে এসে ঠিকমতো বাজার করা যায় না। এ অবস্থায় মানুষ কীভাবে চলবে? মাছের দাম অস্বাভাবিকভাবে বেশি হাঁকা হচ্ছে।
 
আড়ত সমিতির দাবি, সরবরাহ কম থাকায় বেড়েছে দাম। নির্বাচনের কারণে মাছ আসতে পারেনি, বন্ধ ছিল। এখনো পুরোপুরি সমস্যা কাটেনি। ইলিশ কম, একেবারেই নেই বললেই চলে।
 
মুন্সীগঞ্জ মিরকাদিম মৎস্য আড়ত সমিতির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান বলেন, মাছ আনতে কষ্ট হচ্ছে, খরচও অনেক বেড়েছে। অনেক ঘুরে মাছ আনতে হয়। এছাড়া নদীর নাব্যতা সংকটের কারণেও ব্যবসা প্রায় অচল হয়ে পড়েছে।
 
জেলার সবচেয়ে বড় এই মাছের হাট ঘিরে জীবিকা নির্ভর করছে প্রায় ৩ হাজার মানুষের। ধলেশ্বরী নদীর তীরের এই হাটে অন্তত ১৫ জেলা থেকে মাছ আসে। ৪৩টি আড়ত ঘিরে প্রতিদিন ২ থেকে ৩ ঘণ্টায় প্রায় কোটি টাকার মাছ বিক্রি হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে