এমটিনিউজ ডেস্ক : পাবনার সদর উপজেলার আতাইকুলা থানার পুষ্পপাড়া হাটে গুলি করে বিএনপি নেতা রিপন হোসেন (৪০) ও হাটের ইজারাদার আব্দুস সালামকে (৫০) হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় আতাইকুলা থানা এলাকার পুষ্পপাড়া হাটের ইজারাদারের কক্ষে এ ঘটনা ঘটে।
নিহত রিপন হোসেন আতাইকুলা থানার ধর্মগ্রাম এলাকার মৃত ওমেদ আলীর ছেলে। তিনি পাবনা সদর উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও আতাইকুলা ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ছিলেন। অন্যদিকে আব্দুস সালাম একই এলাকার মৃত আরজ আলী ব্যাপারীর ছেলে। তিনি পুষ্পপাড়া হাটের ইজারাদার ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার পুষ্পপাড়া হাটের খাজনা আদায় শেষে সন্ধ্যায় ইজারাদারের কক্ষে বসে বৈঠক করছিলেন তারা। এ সময় কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়।
পরবর্তীতে তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন।
পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।